আদালত থেকে ফেরার পথে বাদী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে মামলায় হাজিরা দিয়ে আদালত থেকে বের হওয়ার পথে এক বাদী খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই ব্যক্তির নাম আলাউদ্দিন (৫০)। তিনি বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের কামারখালী গ্রামের বাসিন্দা। আদালতে মামলার হাজিরা দেওয়ার পর তাঁর লাশ পাওয়া যায়। গত বৃহস্পতিবার রাতে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত আলাউদ্দিনের স্ত্রী মোছা. বেগম জানান, তাঁর স্বামী জমিজমা-সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে গত বৃহস্পতিবার রাজশাহীর আদালতে গিয়ে আর ফেরেননি। পরে আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দুপুর ১২টার দিকে হাজিরা দিয়ে আলাউদ্দিন আদালত চত্বর ত্যাগ করেছেন। সন্ধ্যায় তাঁর (আলাউদ্দিনের) মুঠোফোন থেকে ফোন দিয়েই রাজশাহী রেলওয়ে থানা পুলিশ মৃত্যুর খবর দেয়। রেলওয়ে থানা পুলিশ রাজশাহী রেলওয়ে স্টেশনের অদূরে আলাউদ্দিনের লাশ পড়ে থাকতে দেখে উদ্ধার করে। তাঁর মাথা, গলা ও থুতনিতে আঘাতের চিহ্ন দেখা যায়। পরে খবর পেয়ে বাগমারা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহত ব্যক্তির স্ত্রী অভিযোগ করেন, জমিজমা নিয়ে একই গ্রামের আসলাম আলীর সঙ্গে তাঁদের বিরোধ ও মামলা-মোকদ্দমা ছিল। প্রতিপক্ষের লোকজনই তাঁর স্বামীকে হত্যাছে।
এ বিষয়ে প্রতিপক্ষ আসলাম আলীর সঙ্গে গতকাল দুপুরে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। তবে তাঁর সঙ্গে নিহত আলাউদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ এবং জমি ও মারামারিসংক্রান্ত দুটি মামলা বিচারাধীন ছিল বলে স্থানীয় লোকজন জানিয়েছে।
বাগমারা থানার ওসি সেলিম হোসেন জানান, লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। রাজশাহী রেলওয়ে থানার পরিদর্শক (ওসি) আকবর হোসেন জানান, লাশের মাথা ও থুতনিতে আঘাতের চিহ্ন ছিল।