আদালত প্রাঙ্গণে আইনজীবীদের হাতাহাতি, আহত ৫
নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে গতকাল বুধবার আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনায় পাঁচজন আইনজীবী আহত হয়েছেন। পরে জ্যেষ্ঠ আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আহত আইনজীবীরা হলেন আবদুল বারী ভুঁইয়া, জাকির হোসেন, সরকার হুমায়ুন কবির, জামায়াত-সমর্থিত সংগঠন লইয়ার্স ইউনিয়ন ফেডারেশন ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাঈনউদ্দিন আহম্মেদ, সদস্য আইতুল বোরহান।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি এবং আদালত চত্বরে বহিরাগতদের নিয়ে মিছিল করার প্রতিবাদে দুপুরে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বিক্ষোভ করে। অন্যদিকে একই সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার ঘটনার নিন্দা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং অবরোধের সমর্থনে মিছিল বের করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ সময় দুই পক্ষের আইনজীবীরা একে অন্যকে উদ্দেশ করে উসকানিমূলক বক্তব্য দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আইনজীবী খোকন সাহা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক জাকির হোসেন ও সরকার হুমায়ুন কবিরকে কিল-ঘুষি মারেন। এ সময় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনায় পাঁচজন আহত হন।
জেলা বিএনপির সভাপতি আইনজীবী তৈমুর আলম খন্দকার অভিযোগ করেন, ‘আমাদের আদালত চত্বরে মিছিল ও মিটিং করার অধিকার রয়েছে। জজ আদালত প্রাঙ্গণে আমাদের আইনজীবীদের ওপর হামলা করা হয়েছে।’ তিনি অবিলম্বে ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচার দাবি করেন।
হামলার অভিযোগ অস্বীকার করে খোকন সাহা বলেন, ‘আমরা মানববন্ধন, সভা-সমাবেশ করি, তখন বহিরাগত সন্ত্রাসী ও চিহ্নিত জামায়াত-শিবিরকে নিয়ে আমাদের ওপর আক্রমণ করা হয় এবং উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়। যুবদলের নেতারা আইনজীবীদের মিছিলে প্রবেশ করে এ হামলা চালান।’