টানা অবরোধের মধ্যে ২০-দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে গতকাল সোমবার চট্টগ্রামে আদালত ভবনে ককটেলের বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম আদালত ভবনে ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহত হয়নি। ককটেল বিস্ফোরণের পর আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আশপাশের এলাকায় তল্লাশি চালায় পুলিশ।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, নতুন আদালত ভবনের পশ্চিম পাশে চারতলা থেকে কে বা কারা একটি ককটেল ছুড়ে মারে। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে সবার মধ্যে আতঙ্ক দেখা দেয়। আদালত ভবনের পাশের ভবনটি চট্টগ্রাম জেলা প্রশাসনের। এ ঘটনার পর আদালতপাড়ায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। চালানো হয়েছে তল্লাশি অভিযান। তবে কাউকে আটক করা যায়নি।
হরতালের সমর্থনে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে বিএনপির নেতা-কর্মীদের দেখা না গেলেও আওয়ামী লীগ নগরের ২১টি মোড়ে হরতালবিরোধী সমাবেশ করেছে। এ ছাড়া ভোরে মিরসরাই উপজেলার বড়তাকিয়ায় দুর্বৃত্তরা রেললাইনের প্যান্ডেল ক্লিপ তুলে ফেললে ময়মনসিংহ এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় প্রায় দিনভর চট্টগ্রাম থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি।
সকাল আটটার দিকে নগরের পাঁচলাইশ ষোলশহর বেবি সুপার মার্কেটের সামনে টেম্পোতে ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় তারা কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাসহ গাড়ি ভাঙচুর করে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, সকালে হরতাল সমর্থনকারীরা একটি টেম্পো লক্ষ্য করে ককটেল ছোড়ে। এ ছাড়া কয়েকটি গাড়িও তারা ভাঙচুর করে। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
সকালে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদে এলাকায় সবজিবোঝাই একটি মিনি ট্রাকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় তারা একটি মিনিবাসসহ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাও ভাঙচুর করে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাঈল বলেন, হরতাল সমর্থনকারীরা গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল থেকে নগর ও জেলার বিভিন্ন স্থানে গাড়ি চলাচল শুরু হয়। চলেছে গণপরিবহনও। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিছুটা কম ছিল। দুপুর ১২টার দিকে মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, প্রবর্তক মোড়সহ কয়েকটি স্থানে যানজট ছিল। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ ছিল।
বন্দর সূত্র জানিয়েছে, চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানো-নামানো হয়েছে স্বাভাবিক গতিতে।
হরতাল-অবরোধ চলাকালে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। নগরের কোথাও তাদের সভা-সমাবেশ করারও খবর পাওয়া যায়নি। তবে আওয়ামী লীগ নগরের ২১টি মোড়ে হরতালবিরোধী সমাবেশ করেছে। বেলা একটার দিকে নগরের ষোলশহর ২ নম্বর গেট এলাকায় সমাবেশ করছে আওয়ামী লীগ।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া চট্টগ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নগরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।