আদালত ভবনের জমি দখলের চেষ্টা, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের মুখ্য বিচারিক হাকিমের (সিজেএম) ভবন নির্মাণের জন্য সরকারের অধিগ্রহণ করা সোয়া পাঁচ বিঘা জমির সীমানাখুঁটি গতকাল মঙ্গলবার দুপুরে তুলে ফেলা হয়েছে।
জমিটি স্থানীয় স্বনির্ভর সমবায় সমিতির মালিকানায় ছিল। সমিতির সভাপতি বলছেন, জমি অধিগ্রহণের বিষয়ে তাঁরা কিছুই জানেন না।
উত্তর পটুয়াপাড়ার দিজু মণ্ডল ওই জমি ইজারা নিয়ে চাষাবাদ করছিলেন। গতকাল বিকেলে র্যাব দিজু মণ্ডলকে আটক করেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। তবে সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সাত্তার জানান, কাউকে আটকের বিষয়ে তিনি কিছু জানেন না।
নাটোরের মুখ্য বিচারিক হাকিমের কার্যালয় সূত্র জানায়, সরকার সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন সদর উপজেলা স্বনির্ভর সমবায় সমিতির মালিকানাধীন সোয়া পাঁচ বিঘা জমি মুখ্য বিচারিক হাকিমের কার্যালয় ও বাসভবন নির্মাণের জন্য হুকুমদখল করে। ১৮ ডিসেম্বর জেলা প্রশাসন ওই জমি আদালতের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। আদালত কাপড় ও সীমানাখুঁটি পুঁতে জমির দখল গ্রহণ করেন। গতকাল বেলা দুইটার দিকে কিছু দুর্বৃত্ত কয়েকটি মোটরসাইকেলে করে এসে ওই জমির সীমানাখুঁটি তুলে ফেলে। খবর পেয়ে আদালতের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মুখ্য বিচারিক হাকিম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম, সরকারি কৌঁসুলি (জিপি) আসাদুল ইসলামকে তাঁর কার্যালয়ে ডেকে পাঠান। তাঁরা আজ বুধবার সকালের মধ্যে দুর্বৃত্তদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
জেলা প্রশাসক মশিউর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, আনুষ্ঠানিকভাবেই ওই জমি অধিগ্রহণ করা হয়েছে। জমির মূল্য বাবদ অর্থ ব্যাংকে জমা আছে। পরে সমিতির লোকজন তা তুলে নিতে পারবেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বনির্ভর সমবায় সমিতির সভাপতি আবদুল মালেক শেখ দুর্বৃত্তদের সঙ্গে ছিলেন। জেলার জিপি বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। কাল (বুধবার) সকাল ১০টার মধ্যে সীমানাখুঁটি পুনঃস্থাপন ও কাপড় আগের জায়গায় ঝুলিয়ে না দেওয়া হলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হবে।
আবদুল মালেক শেখ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘ঘটনার সময় কোনো দুর্বৃত্ত ছিল না। আমি ও আমার কার্যালয়ের কিছু কর্মকর্তা ছিলাম। আমাদের না জানিয়ে ওই জমিতে সীমানাখুঁটি স্থাপন করায় আমরা বিস্মিত হয়েছি। তাই সমিতির স্বার্থ রক্ষার্থে সীমানা চিহ্ন উঠিয়ে ফেলেছি। সরকার আমাদের জমির মূল্য পরিশোধ করে চিঠি দিলে জমি ফেরত দেব।’