আদালত ভবনের সিসি ক্যামেরা চুরির ঘটনায় মামলা
শেরপুরের জেলা ও দায়রা জজ আদালত ভবনের নিচতলায় হাজতখানা থেকে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা চুরির ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল রোববার সকালে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, নিরাপত্তার স্বার্থে কয়েক মাস আগে জেলা ও দায়রা জজ আদালত এবং মুখ্য বিচারিক হাকিম আদালত ভবনের বিভিন্ন স্থানে কয়েকটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এর মধ্যে জেলা ও দায়রা জজ আদালত ভবনের নিচতলায় অবস্থিত হাজতখানার সামনেও একটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। কিন্তু গত শনিবার দুপুরে দেখা যায়, হাজতখানার সামনের সিসি ক্যামেরাটি নেই। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে ক্যামেরাটি চুরি হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আদালত পুলিশের উপপরিদর্শক (সিএসআই) মো. ইউনুছ আলী দেওয়ান বাদী হয়ে মামলা করেছেন। তদন্তের জন্য মামলাটি জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি।
ডিবির ওসি মো. ফজলে এলাহি বলেন, তাঁরা মামলার তদন্ত শুরু করেছেন। এ চুরির সঙ্গে কে বা কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা করছেন।