আদালত হাজতে দুই আসামির হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলায় আলোচিত চার শিশু হত্যা মামলার শুনানির দিন গতকাল রোববার আদালতের হাজতখানায় দুই আসামির মধ্যে হাতাহাতি হয়েছে। এদিন প্রধান আসামি আবদুল আলীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ আবদুল আলীর জামিন আবেদন নামঞ্জুর করে মামলার সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ ধার্য করেন। ১৬ অক্টোবর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
গতকাল শুনানির পূর্বনির্ধারিত দিন আদালতে হাজির করা হয় আসামি আবদুল আলী, তাঁর দুই ছেলে জুয়েল ও রুবেল, আত্মীয় হাবিবুর রহমান আরজু ও ছায়েদ ওরফে সাহেদকে। তাঁদের মধ্যে আরজু ও সাহেদ আদালতের হাজতে হাতাহাতিতে জড়ান। হাতাহাতিতে আরজু আহত হন। তাঁর স্ত্রী জামিনা আক্তার দাবি করেন, ক্ষিপ্ত সাহেদ আরজুর ওপর হামলা চালিয়েছেন। এতে আরজু গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ আরজুকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। সেখান থেকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয় তাঁকে।
নতুন আইনজীবী নিয়োগ: গতকাল জেলা ম্যাজিস্ট্রেট সাবিনা আলম ওই মামলায় রাষ্ট্রপক্ষের নতুন আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন ত্রিলোক কান্তি চৌধুরীকে। এর আগে মামলার বাদী আবদাল মিয়া জেলা প্রশাসক বরাবর আবেদনে বলেছিলেন, মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় এটি রাষ্ট্রপক্ষের নিয়োজিত স্পেশাল পিপি আবুল হাশেম মোল্লার একার পক্ষে পরিচালনা করা সম্ভব নয়। একা পরিচালনা করলে বাদীর ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।