আদালতপাড়া থেকে হাতকড়াসহ পালালেন আসামি, তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে আদালতপাড়া থেকে একটি ডাকাতি মামলার আসামি হাতকড়াসহ পালিয়ে গেছেন। গতকাল রোববার নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইশরাত জাহানের আদালত থেকে গারদখানায় নেওয়ার পথে এ ঘটনা ঘটে।

এদিকে আদালতপাড়া থেকে আসামি পালানোর ঘটনায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মতিয়ার রহমানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফতুল্লা মডেল থানার সিনিয়র এএসপি শরফুদ্দিন, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইওয়ান) মামুনুর রশিদ মণ্ডলকে কমিটির সদস্য করা হয়েছে।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক সোহেল আলম বলেন, গতকাল দুপুরে ফতুল্লা মডেল থানার ডাকাতি মামলায় নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মনির হোসেনের জন্য সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়। শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে মনিরকে নিয়ে দুই কনস্টেবল বোরহান উদ্দিন ও আজম আলী গারদখানায় যাচ্ছিলেন। এ সময় কৌশলে হাতকড়াসহ পালিয়ে যান মনির।

মো. মতিয়ার রহমান বলেন, মনিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।