আদালতে জবানবন্দি দিলেন ধর্ষণের শিকার নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে মামাতো ভাইকে বেঁধে রেখে এক নারীকে গণধর্ষণের ঘটনার দুই দিনেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এদিকে ধর্ষণের শিকার হওয়ার কথা জানিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে জবানবন্দি দিয়েছেন ওই নারী। জবানবন্দিতে তিনি ধর্ষণকারী ছয়জনের নাম উল্লেখ করেছেন।
যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু ইব্রাহিমের আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ওই নারী বলেন, রাত আটটার দিকে মামাতো ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে যশোর থেকে শার্শার ভবানীপুর গ্রামে খালাতো বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথে নাভারণ-সাতক্ষীরা সড়কের কুচেমোড়া এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা রাস্তায় দড়ি টানিয়ে তাঁদের পথরোধ করে। এরপর পাশের নির্জন স্থানে নিয়ে যায়। এ সময় তাঁর ভাইকে পিঠমোড়া দিয়ে বেঁধে ছয়জন দুর্বৃত্ত তাঁকে একে একে ধর্ষণ করে ফেলে যায়।
মামলার তদন্ত কর্মকর্তা ও শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ওই নারী আদালতে দেওয়া স্বীকারোক্তিতে ছয়জনের নাম বলেছেন। তদন্তের স্বার্থে তাঁদের নাম প্রকাশ করা যাচ্ছে না। তাঁদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আলমগীর কবির প্রথম আলোকে বলেন, ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার দুদিন পর প্রতিবেদন দেওয়া হবে। তাঁর শারীরিক অবস্থা এখন ভালো। গতকাল সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে তিনি বাড়ি ফিরে গেছেন।