আদালতে বাদী ও সাক্ষীদের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় আতিকুল ইসলাম ওরফে শাকিল হত্যা মামলার আসামিরা বাদী ও সাক্ষীদের মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার জেলা জজ আদালতের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন মামলার বাদী আতিকুলের মা রহিমা খাতুন, ফুফু সাহিদা বেগম ও ছোট ভাই প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদৎ হোসেন। তাঁরা জেলা সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। সাহিদা ও শাহাদৎ এই মামলার সাক্ষী।
পরিবারের সদস্যরা জানান, গত বছরের ২ আগস্ট শহরের পীরবাড়ি মহল্লার ‘প্রয়াস’ নামে একটি মাদক নিরাময়কেন্দ্রে আতিকুলকে ভর্তি করানো হয়। ৯ আগস্ট তাঁর লাশ জেলা সদর হাসপাতালের বারান্দায় রেখে পালিয়ে যান নিরাময়কেন্দ্রের লোকজন। ১০ আগস্ট মাদক নিরাময়কেন্দ্রে নির্যাতন করে হত্যার অভিযোগ এনে আতিকুলের মা রহিমা খাতুন সদর থানায় মামলা করেন। মামলায় কেন্দ্রটির পরিচালক পাপ্পু ভট্টাচার্য, দেওয়ান এমনুন, রাজীব খান, কামরুল হাসান ও রুবেল মিয়াকে আসামি করা হয়।
চলতি বছরের ১১ সেপ্টেম্বর আতিকুল হত্যা মামলার পাঁচ আসামি পাপ্পু ভট্টাচার্য, দেওয়ান এমনুন, রাজীব খান, কামরুল হাসান ও রুবেল মিয়া উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন নেন। গতকাল তাঁদের জামিনের মেয়াদ শেষ হয়। তাঁরা গতকাল আদালতে হাজির হয়ে তাঁদের আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম শামীমা আফরোজ জামিনের আবেদনের শুনানি কিছুক্ষণ পর হবে বলে নিজের কক্ষে চলে যান। এ সময় পাঁচ আসামি এজলাস থেকে বের হয়ে আদালতের বারান্দায় থাকা বাদী ও সাক্ষীদের মারধর শুরু করেন।
আদালতে বাদীপক্ষের ওপর আসামিদের হামলা চালানোর কথা অস্বীকার করেন আসামিপক্ষের আইনজীবী তারিকুল ইসলাম খান। বাদীপক্ষের আইনজীবী নূর মোহাম্মদ জামাল বলেন, শুনানি শেষে বিচারক পাঁচ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।