আদালতে সাক্ষ্য না দেওয়ায় চিকিৎসককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের হত্যা মামলায় সাক্ষ্য না দেওয়ায় লাশের ময়নাতদন্তকারী চিকিৎসককে ২৫০ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহ মুখ্য বিচারিক হাকিম মো. জাকির হোসেন এই আদেশ দেন।
ওই চিকিৎসকের নাম মোস্তাফিজুর রহমান। তিনি ২০০৭ সালে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা কর্মকর্তা ছিলেন। আদালতের আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও ঝিনাইদহের সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৬ অক্টোবর সদর উপজেলার বিষয়খালী গ্রামের এক গৃহবধূ খুন হন। তাঁকে যৌতুকের দাবিতে নির্যাতন করে হত্যার অভিযোগ রয়েছে। এই ঘটনায় গৃহবধূর ভাই যশোরের চৌগাছার হায়াতপুর গ্রামের মো. আলাউদ্দিন ১৯ নভেম্বর ঝিনাইদহ জ্যেষ্ঠ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে মামলা করেন। গৃহবধূর লাশের ময়নাতদন্ত করেন সদর হাসপাতালের তৎকালীন চিকিৎসা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এ পর্যন্ত সাক্ষ্য গ্রহণের জন্য ৭৪ বার তারিখ পরিবর্তন করা হয়। আদালত সবশেষ ২০১৬ সালের ৮ আগস্ট সাক্ষ্য দেওয়ার জন্য মোস্তাফিজুরের বিরুদ্ধে সমন পাঠান। এর আগে মোস্তাফিজুরকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন আদালত। কিন্তু তিনি আদেশ অমান্য করে আদালতে উপস্থিত হননি। এতে মামলা নিষ্পত্তিতে সমস্যা হচ্ছে।
এই পরিপ্রেক্ষিতে গতকাল মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. জাকির হোসেনের দেওয়া আদেশে বলা হয়, ওই মামলার সাক্ষী চিকিৎসক মোস্তাফিজুর রহমান ফৌজদারি কার্যবিধির ৪৮৫ এ(১) ধারায় দোষী। সে কারণে তাঁকে ২৫০ টাকা জরিমানা, অনাদায়ে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হলো।
আদালত সূত্র জানিয়েছে, গতকাল বিকেলের দিকে ওই চিকিৎসকের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, মোস্তাফিজুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। তাঁর বাড়ি ঝিনাইদহ শহরের হামদহ এলাকায়। এ ব্যাপারে জানার জন্য ঝিনাইদহের সিভিল সার্জন আবদুস সালামের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।