আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আসামির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা এলাকায় শিশু রশিদুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি মো. রিদুয়ানুল হক। গতকাল বুধবার চকরিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে তিনি এই জবানবন্দি দেন।
মঙ্গলবার রাতে চকরিয়া পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ড থেকে রিদুয়ানুলকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাড়ি দরবেশকাটা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার রাতে শিশু রশিদুলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন তার ফুফা রিদুয়ানুল হক। রশিদুল ফুফা রিদুয়ানুলের বাড়িতে থেকে দরবেশকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। রশিদুলের বাড়ি বদরখালী ইউনিয়নের মগনামাপাড়া গ্রামে।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাতে রিদুয়ানুল হককে গ্রেপ্তার করে গতকাল সকালে আদালতে হাজির করা হয়। এ সময় তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
কামরুল আজম বলেন, রিদুয়ানুল আদালতে বলেছেন, রোববার দুপুরে রশিদুল ঘরের ভেতরে মলত্যাগ করলে তাঁর খুব রাগ হয়। পরদিন সোমবার সকালে রশিদুলের মা এসে সব ধুয়ে-মুছে পরিষ্কার করে দিলেও তাঁর রাগ কমেনি। তিনি রশিদুলকে মারার জন্য খুঁজতে থাকেন। একপর্যায়ে সোমবার সন্ধ্যার পর রশিদুলকে একা পেয়ে দা দিয়ে তার শরীরে এলোপাতাড়ি কোপান। পরে লোকজন এগিয়ে এলে তিনি পালিয়ে যান।
পুলিশ জানায়, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর রিদুয়ানুলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।