ঝিনাইদহে পুরোহিত হত্যার অভিযোগে শিবির নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যার ঘটনায় এনামুল হক (২৫) নামের এক শিবির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকার গাবতলী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন।
গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসপি জানান, এনামুল গতকাল বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে পুরোহিত আনন্দ গোপাল হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এনামুল হক ঝিনাইদহ পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ড শিবিরের সেক্রেটারি ও সদর উপজেলার আড়মুখ গ্রামের ফজলুল হক জোয়ারদারের ছেলে। তিনি শহরের হামদহ মোল্লাপাড়ায় বসবাস করতেন।
এসপি আলতাফ হোসেন বলেন, পুরোহিত আনন্দ গোপাল হত্যার পর তাঁরা (পুলিশ কর্মকর্তা) বিভিন্নভাবে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে এ হত্যাকাণ্ডে জড়িত এনামুল হককে সোমবার রাতে ঢাকার গাবতলী থেকে গ্রেপ্তার করা হয়।
এসপি আরও জানান, এনামুল হক জানিয়েছেন, পুরোহিত হত্যা-মিশন সফল করতে কেন্দ্রীয় শিবিরের নির্দেশে ঝিনাইদহে সাতজন নেতা বৈঠক করেন। এর মধ্যে তিনজন আনন্দ গোপাল হত্যায় অংশ নেন। তাঁর ভাষ্যমতে, ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটি গ্রামের হোমিও চিকিৎসক সমির উদ্দীন খাজা ও কালীগঞ্জের চাপালী গ্রামের শিয়া মতাদর্শে বিশ্বাসী আবদুর রাজ্জাক হত্যার সঙ্গেও ছাত্রশিবির জড়িত বলে তাঁরা তথ্য পেয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ সময় আইএসের দায় স্বীকার করে বিবৃতি দেওয়ার বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে পুলিশ সুপার বলেন, ‘আমরা আগেই বলেছি এখানে কোনো আইএস নেই।’
৭ জুন ঝিনাইদহ সদর উপজেলার কারাতিপাড়া গ্রামের বাসিন্দা পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে সন্ত্রাসীরা কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।