আদালতে হামলার হুমকির অভিযোগে একজন গ্রেপ্তার
মানিকগঞ্জ আদালতে বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগে কামরুজ্জামান ওরফে কামরুল হাসান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বেতিলা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বিএনপির সমর্থক বলে ডিবির দাবি।
কামরুল উপজেলার বেতিলা গ্রামের মৃত জহির উদ্দিন আহম্মেদের ছেলে। তিনি একটি বিমা কোম্পানিতে চাকরি করেন।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, ১৯ মার্চ বেলা পৌনে ১১টার দিকে ডিবির পরিদর্শক রবিউল ইসলামের মুঠোফোনে একটি খুদে বার্তা আসে। এতে লেখা হয়, ‘মানিকগঞ্জ আদালতে টাইমবোমা মারা হবে, পারলে বিচারকদের বাঁচান। সব জায়গায় বোমা সেট করা আছে।’ পরে একই খুদে বার্তা পুলিশ সুপার বিধান ত্রিপুরার মুঠোফোনেও পাঠানো হয়।
বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা জজ এ কে এম মোস্তফা দেওয়ানকে জানানো হয়। তখন তা আদালতের বিচারক, আইনজীবী, বিচারপ্রার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝেও ছড়িয়ে পড়ে। এরপর সবাই আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে যান। বন্ধ হয়ে যায় বিচারিক কার্যক্রম।
ডিবির পরিদর্শক (ওসি) রবিউল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে মুঠোফোন নম্বর ট্রেস করে বৃহস্পতিবার দুপুরে বেতিলা বাজার থেকে কামরুলকে আটক করা হয়। তিনি বিএনপির সমর্থক বলে তদন্তে জানা গেছে। তাঁর বিরুদ্ধে থানায় তথ্যপ্রযুক্তি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।