আদালতেও পড়াশোনা নিয়ে দুশ্চিন্তার কথাই বললেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুসরাত আমান,আলভী আমান
নুসরাত আমান,আলভী আমান

রাজধানীর বনশ্রীতে দুই শিশু হত্যা মামলায় তাদের মা মাহফুজা মালেক হত্যার দায় স্বীকার করে গতকাল রোববার আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতেও তিনি সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা থেকে এ ঘটনা ঘটিয়েছেন বলে উল্লেখ করেছেন।
র্যাব ও পুলিশের জিজ্ঞাসাবাদেও তিনি এমন কথা বলেছিলেন বলে সংস্থা দুটি দাবি করেছে। গতকাল জবানবন্দি গ্রহণ শেষে আদালতের নির্দেশে মাহফুজা মালেককে কারাগারে পাঠানো হয়।
এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলেছে, এ মামলার তদন্ত এখানেই শেষ নয়। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত তদন্ত চলবে।
আদালত সূত্র বলেছে, ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল দুপুরে মাহফুজা মালেককে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক লোকমান হেকিম মাহফুজা মালেকের জবানবন্দি গ্রহণের জন্য আদালতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম গোলাম নবী তাঁর খাসকামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় মাহফুজার জবানবন্দি নেন। জবানবন্দি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আদালত প্রতিবেদক জানান, আদালত সূত্র বলেছে, জবানবন্দিতে মাহফুজা মালেক সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কথা জানান। জবানবন্দিতে তিনি বলেন, সন্তানদের পরীক্ষার ফল আশানুরূপ না হলে তিনি অস্থির হয়ে পড়তেন। তাঁর ধারণা হয়েছিল, সন্তানেরা বড় হয়ে কিছুই করতে পারবে না। তাই তিনি হতাশায় ভুগতেন। এই হতাশা থেকেই গত ২৯ ফেব্রুয়ারি বিকেলে প্রথমে মেয়েকে (নুসরাত আমান) গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘুমন্ত ছেলেকেও (আলভী আমান) একইভাবে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর সন্তানের লাশের সামনে তিনি কিছু সময় কান্নাকাটি করেন। এরপর স্বামী ও অন্যদের খবর দেন।
নুসরাত (১২) ভিকারুননিসা নূন স্কুলে পঞ্চম শ্রেণিতে এবং আলভী (৬) বনশ্রীর হলি ক্রিসেন্ট (ইন্টারন্যাশনাল) স্কুলে নার্সারিতে পড়ত। ২৯ ফেব্রুয়ারি বনশ্রীর বাসায় তাদের মৃত্যু হয়। ওই দিন বিকেলে স্বামী আমান উল্লাহ ও পরিবারের অন্য সদস্যদের মাহফুজা মালেক বলেছিলেন, আগের দিন স্থানীয় চায়নিজ রেস্তোরাঁ থেকে আনা খাবার দুপুরে খেয়ে ঘুমানোর পর দুই সন্তান আর উঠছে না। ওই দিন সন্ধ্যায় দুই শিশুকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদেরও মা তাঁর সন্তানদের মৃত্যুর কারণ হিসেবে রেস্তোরাঁর খাবারের বিষক্রিয়ার কথা বলেছিলেন। তবে শিশুদের লাশ দেখে সন্দেহ হওয়ায় ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান চিকিৎসকেরা।
১ মার্চ লাশ দুটির ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তে তাদের শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া যায়। ওই রাতে জামালপুরে দুই শিশুর লাশ দাফন করা হয়। পরদিন র্যাব-১০-এর একটি দল দুই শিশুর মা, বাবা ও খালা আফরোজা মালেককে জিজ্ঞাসাবাদের জন্য জামালপুর থেকে ঢাকায় নিয়ে আসে।
৩ মার্চ র্যাব সংবাদ সম্মেলনে দাবি করে, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মাহফুজা মালেক দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। তাদের পড়াশোনা নিয়ে উদ্বেগ থেকে তিনি সন্তানদের হত্যা করেছেন। ওই রাতেই দুই শিশুর বাবা রামপুরা থানায় স্ত্রীকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন।
এই মামলায় মাহফুজাকে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেয় রামপুরা থানার পুলিশ। পুলিশের রিমান্ড শেষে ডিবিতে মামলাটি হস্তান্তর করা হয় এবং ডিবি মাহফুজাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়। ডিবির সূত্র বলেছে, তাদের জিজ্ঞাসাবাদেও মাহফুজা সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা থেকে তাদের হত্যা করেন বলে জানান। গতকাল ডিবির পাঁচ দিনের রিমান্ড শেষ হয়।
এদিকে গতকাল দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সন্তান হত্যার কারণ হিসেবে মাহফুজা মালেক যে তথ্য দিয়েছেন, প্রথম থেকেই তা নিয়ে সন্দেহ ছিল। এ জন্য প্রাসঙ্গিক সব বিকল্প মাথায় রেখে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু জিজ্ঞাসাবাদে সন্তান হত্যার পেছনে তাদের পড়ালেখা নিয়ে মায়ের দুশ্চিন্তা ছাড়া অন্য কোনো তথ্য পাওয়া যায়নি। শুধু মানসিক জটিলতার কারণেই মাহফুজা তাঁর দুই সন্তানকে হত্যা করেছেন বলে মনে হয়েছে।
মাহফুজা মালেকের মানসিক অবস্থা কেমন—সাংবাদিকদের এ প্রশ্নে ডিএমপির এই মুখপাত্র বলেন, এ সম্পর্কে মন্তব্য করার আইনি এখতিয়ার তাঁদের নেই। মাহফুজার মানসিক অবস্থা সম্পর্কে জানতে প্রয়োজনে আদালতের অনুমতি সাপেক্ষে মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নেওয়া হবে। মাহফুজার স্বীকারোক্তিমূলক জবানবন্দি সম্পর্কে তিনি বলেন, জবানবন্দি দেওয়া মানেই তদন্তের শেষ নয়। তদন্ত চলবে। নিশ্চিত কোনো তথ্য না পাওয়া পর্যন্ত এ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না।
একাকী এক মায়ের পক্ষে এক সন্তানকে হত্যার পরপরই আরেক সন্তানকে হত্যা করা সম্ভব কি না—এ প্রশ্নে মনিরুল ইসলাম বলেন, এমন ঘটনা বিরল হলেও অসম্ভব নয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন অনেক উদাহরণ রয়েছে।