
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভূমি কার্যালয়ের সহায়তায় ফরিদপুরের বোয়ালমারী সাব-রেজিস্ট্রার কার্যালয়সংলগ্ন ১৭ শতাংশ জায়গায় ৩০ ব্যক্তি স্থাপনা নির্মাণ করছেন। তবে ওই জমির ওপর আদালতের স্থিতাবস্থা থাকায় ভূমি কার্যালয় ডিসিআর না দিয়ে ওই ৩০ ব্যক্তিকে মৌখিকভাবে জমিটি বুঝিয়ে দেয়।
ওই ব্যক্তিরা গত ৯ অক্টোবর থেকে সেখানে স্থাপনা নির্মাণ শুরু করেন।
উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার কামারগ্রামের ৮৪ নম্বর মৌজার ১৪৮২ দাগে ৪৭ শতাংশ খাসজমি রয়েছে। এর মধ্যে ৩০ শতাংশের ওপর সাব-রেজিস্ট্রার কার্যালয় অবস্থিত। ওই ৪৭ শতাংশ জমির মালিক ছিলেন জমিদার কনক লতা রায়। জনস্বার্থে তিনি এ জমিটি রেজিস্ট্রার কার্যালয় নির্মাণের জন্য দেন। কিন্তু জরিপে জমিটি সরকারের এক নম্বর খাস খতিয়ানে রেকর্ড হয়। ফলে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের পক্ষে ওই জমি ফিরে পেতে জেলার যুগ্ম জজ আদালতে ২০০৯ সালে মামলা করেন তৎকালীন সাব-রেজিস্ট্রার সৈয়দ নজরুল ইসলাম।
আদালত গত ১৬ জুন ওই জমির ওপর স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। মামলার পরবর্তী তারিখ ৩ নভেম্বর। আদালতের এ আদেশ অমান্য করে উপজেলা ভূমি কার্যালয় ওই জমির খালি ১৭ শতাংশ জায়গা ৩০ জনের মধ্যে বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেন। স্থিতাবস্থা থাকায় ভূমি কার্যালয় ডিসিআর না কেটে ওই ৩০ ব্যক্তিকে জমিটি বুঝিয়ে দেয়। এরপর গত ৯ অক্টোবর থেকে সেখানে স্থাপনা নির্মাণ শুরু করেন ওই ব্যক্তিরা।
গত ২৫ অক্টোবর সরেজমিনে দেখা যায়, ওই জায়গায় আধা পাকা দোকানঘর নির্মাণ করছেন শ্রমিকেরা। নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক সোহরাব মোল্লা বলেন, ‘গত ৯ অক্টোবর থেকে আমরা কাজ শুরু করেছি।’
ওই জমিতে দোকানঘর নির্মাণ করছেন অগ্নি দে। তিনি বলেন, ‘আমরা ভূমি কার্যালয়ে নিয়ম মেনে ইজারার আবেদন করেছি। এখনো ডিসিআর কাটেনি। অন্যরা নির্মাণকাজ শুরু করেছেন বলে আমিও নির্মাণকাজ করছি।’ দোকানঘর নির্মাণকারী বরুণ দত্ত বলেন, ‘আমিও অন্যের দেখাদেখি নির্মাণকাজে হাত দিয়েছি।’
বোয়ালমারী ভূমি কার্যালয়ের সার্ভেয়ার সোহেল রানা বলেন, সাব-রেজিস্ট্রার কার্যালয়সংলগ্ন খালি জমিটি ৩০টি দোকান করার জন্য বিভিন্ন ব্যক্তির নামে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে কাউকে ডিসিআর কেটে দেওয়া হয়নি। এ ব্যাপারে আদালতের জারি করা স্থিতাবস্থা সম্পর্কে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।
বোয়ালমারীর সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলাম বলেন, ওই জমি সরকারিভাবে ইজারা দেওয়ার প্রক্রিয়া চলছে। এখনো কাউকে জমি ইজারা দেওয়া বা বুঝিয়ে দেওয়া হয়নি। জমিতে নির্মাণকাজ করার বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।
বোয়ালমারীর সাব-রেজিস্ট্রার রেজাউল করিম বলেন, ওই জমির ওপর আদালত স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন। এই স্থিতাবস্থার মধ্যেই বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ করা হচ্ছে, যা এখনো অব্যাহত রয়েছে।
বোয়ালমারী সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে দায়ের করা মামলার আইনজীবী সুবল সাহা বলেন, ওই জমির ওপর আদালত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে ওই জমি কারও নামে ইজার দেওয়া বা জমির ওপর স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।