আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশ অমান্য করে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মণ্টপ গ্রামে তোফাইল আহমেদ নামের এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার ওই ব্যক্তির ঘর ভাঙচুর ও গাছপালা কাটা হয়।
উপজেলার জয়মণ্টপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাদত হোসেনের নেতৃত্বে এ ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ওয়ারিশ ও ক্রয়সূত্রে জয়মণ্টপ মৌজায় আরএস ৬৪৪ ও ৬৪৬ নম্বর দাগে ১২ দশমিক ৭৫ শতক জমির মালিক তোফাইল আহমেদ ও তাঁর পরিবার। দীর্ঘদিন ধরে তাঁরা সেখানে বসবাস করে আসছেন। ২০০৯ সালে বাড়িটির দক্ষিণ-পূর্ব দিকে ৬৪৬ নম্বর দাগে মিনাজ উদ্দিন, ফিরোজা বেগম ও ফাতেমা বেগমের কাছ থেকে ৬১ শতক জমি কেনেন পার্শ্ববর্তী পূর্ব ভাকুম গ্রামের মো. সলিমুল্লাহ। কিন্তু সলিমুল্লাহ তোফাইলের বসতভিটারও প্রায় ৬ শতক জমি তাঁর বলে দখল করার চেষ্টা করছেন। ইউপি চেয়ারম্যান শাহাদতের ভগ্নিপতি হলেন সলিমুল্লাহ।
জমি দখলের এ চেষ্টা নিয়ে গ্রামে একাধিকবার সালিস বৈঠক হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি। এরপর ১০ মে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন তোফাইল। ওই দিনই আদালত এই জমির ওপর স্থিতাবস্থা (১৪৪ ধারা) জারি করেন।
সিঙ্গাইর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তোফায়েল আহম্মেদ জানান, আদালতের ১৪৪ ধারার এই নোটিশ উভয় পক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
তোফাইলসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, জমি দখলের উদ্দেশ্যে গতকাল সকাল নয়টার দিকে শাবল, দা ও কুড়াল নিয়ে ইউপি চেয়ারম্যান শাহাদত ও তাঁর ভগ্নিপতি সলিমুল্লাহর নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল তোফাইলের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির রান্নাঘর ও সীমানার বেড়া ভেঙে ফেলে। কেটে ফেলে আম, নারকেল, মেহগনিসহ বেশ কয়েকটি গাছ। এতে বাধা দিলে বাড়ির লোকজনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। খবর পেয়ে সিঙ্গাইর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
জানতে চাইলে ঘটনাস্থলে উপস্থিত থাকারই কথা অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান শাহাদত। তিনি বলেন, ‘তোফাইল ৭ শতক জমির মালিক। বাকি জায়গা সে দখল করে আছে। ঘর ভাঙচুর কিংবা গাছপালা কাটা হয়নি বলে আমি শুনেছি।’
সলিমুল্লাহ বলেন, ‘আমি অসুস্থ। এ ব্যাপারে পরে কথা বলব।’
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, আদালতের নির্দেশনা উপেক্ষা করে ঘর ভাঙচুর ও গাছপালা কাটা সম্পূর্ণ বেআইনি। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
মামলাটির পরবর্তী শুনানি আগামী ১ জুলাই অনুষ্ঠিত হবে।