আদালতের নির্দেশ অমান্য করে দোকানঘরে তালা
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আদালতের নির্দেশ অমান্য করে দোকানঘরে তালা দেওয়ায় এক ভাড়াটে দোকানির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। দোকানঘরটির মালিক ঝর্ণা বেগম গত শনিবার থানায় ওই অভিযোগ করেন।
ঝর্ণা বেগমের বাড়ি শহরের নতুন বাবুপাড়ায়। ওই ভাড়াটের নাম মকফর আলী। তাঁর বাড়ি শহরের নিচু কলোনিতে।
ঝর্ণা বলেন, শহরের আবাসিক হোটেল জামিস বিল্ডিংয়ের পেছনে তাঁর দুটি ভোগদখলীয় দোকান রয়েছে। এর মধ্যে ৩৬১ ফুট আয়তনের একটি দোকান দুই বছরের জন্য ভাড়া নেন মকফর। দোকান ভাড়া নেওয়ার সময় তাঁকে কিছু জামানত দেওয়া হয়। মকফর মাসিক দোকানভাড়া পরিশোধ করতেন না। ফলে জামানত থেকে প্রতি মাসের ভাড়া কেটে নেওয়া হয়। এমতাবস্থায় দোকানভাড়ার চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। মেয়াদ শেষে ভাড়াটেকে দোকান খালি করতে বলা হয়। কিন্তু উল্টো দোকানের মালিকানা দাবি করেন মকফর। এ ছাড়া মকফর তাঁকেসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত অন্য দুজন হলেন তাঁর স্বামী আজিবর রহমান ও ভাশুর এন্তাজুর রহমান। পরে এ বিষয়ে পুলিশ উভয় পক্ষকে নিয়ে গত বছরের ২১ ডিসেম্বর থানায় সালিস বৈঠক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, সালিসে মকফর এ বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে দোকান খালি করার সিদ্ধান্ত মেনে নিয়ে আপসনামায় সই করেন। পরে মকফর এ মাসের ১৫ ফেব্রুয়ারি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফের একটি মামলা দায়ের করেন দোকানমালিকের বিরুদ্ধে। ওই মামলায় দোকানমালিকের দুটি ঘরই দাবি করেন মকফর। পরে আদালত উভয় পক্ষকে নিজ নিজ অবস্থানে থাকার নির্দেশ দেন।
ঝর্ণা অভিযোগ করে বলেন, আদালতের নির্দেশ উপেক্ষা করে ভাড়া নেওয়া দোকান ছাড়াও তাঁর আরও একটি দোকানে তালা ঝুলিয়ে দেন মকফর। একই সঙ্গে মকফর তাঁদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছেন। মকফরের ভাড়া নেওয়া ছাড়াও অপর দোকানে প্রায় ১৫ লাখ ৫০ হাজার টাকার মালামাল রয়েছে।
এ ব্যাপারে জানতে মকফরের মুঠোফোনে গতকাল শুক্রবার একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।