আদালতের নির্দেশ অমান্য করে নদী ও ব্যক্তির সম্পত্তি দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশ অমান্য করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঝাউচর এলাকায় ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি ও মেঘনা নদীতে বালু ভরাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বালু ভরাট বন্ধে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত।

স্থানীয় আষাঢ়িয়ারচর এলাকার আল-মোস্তফা অটো ফ্লাওয়ার অ্যান্ড ডাল মিলের মালিক মোস্তফা কামাল বলেন, ‘আমার কারখানার নামে ক্রয় করা সম্পত্তিসহ স্থানীয়দের জমি এবং নদীর তীরে হাসিন হোল্ডিংস লিমিটেডের মালিকদের পক্ষে যুবলীগের সন্ত্রাসী ও ক্যাডাররা বালু ভরাট করছে। এই জমির মালিকানা নিয়ে উচ্চ আদালতে মামলা চলছে। আদালত এই সম্পত্তির ওপর স্থিতাবস্থাজারি করেছেন। কিন্তু সন্ত্রাসীরা উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে নদী ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি এক সপ্তাহ ধরে বালু দিয়ে ভরাট করছেন। সোনারগাঁ থানার পুলিশ প্রথমে বালু ভরাটের কাজ বন্ধ করে দেয়। পরে ক্ষমতাসীন দলের কয়েকজন প্রভাবশালীর হস্তক্ষেপে আবার বালু ভরাটের কাজ শুরু হয়।’

এদিকে এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল নারায়ণগঞ্জের যুগ্ম জেলা জজ অতিরিক্ত আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন অবিলম্বে নদী দখল ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তিতে বালু ভরাটকাজ বন্ধে সোনারগাঁ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, মেঘনা নদীতে চারটি ড্রেজার বসিয়ে যুবলীগের স্থানীয় কর্মীরা বালু ভরাটের কাজ করছেন। চারটি পাইপ দিয়ে মেঘনা নদী ও ব্যক্তিমালিকানার সম্পত্তিতে বালু ফেলা হচ্ছে।

স্থানীয় ঝাউচর গ্রামের নোয়াব হোসেন বলেন, যুবলীগের নেতা-কর্মীরা দিনে ও রাতে এই দখলকাজ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তাঁরা নদীর বিশাল অংশ দখল করে নিয়েছেন।

পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন বলেন, ‘যুবলীগের কয়েকজন সদস্য ও সাবেক কমিটির নেতারা এই দখলকাজের সঙ্গে জড়িত। আমরা বিষয়টি দলীয় নেতাদের অবগত করেছি।’

অভিযোগ অস্বীকার করে হাসিন হোল্ডিংস লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, ‘আমাদের কোম্পানির ক্রয়কৃত সম্পত্তি আমরা বালু দিয়ে ভরাট করছি। কারও ব্যক্তি সম্পত্তি ও নদী দখলের সঙ্গে আমরা জড়িত নই।’

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এস এম ওবায়দুল হক বলেন, ‘আদালতের আদেশ পেয়ে আমরা বালু ভরাটের কাজ বন্ধ করে দিয়েছিলাম। পরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আবার তা শুরু করা হয়েছে। আমরা আবার অভিযানে যাব।’

সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।