আদালতের নির্দেশ অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
আদালতের নির্দেশনা অমান্য করে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমেনাবাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ চলছে। এতে বাধা দেওয়ায় উল্টো ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, আবদুলপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফারুক হোসেনের নেতৃত্বে কলেজের ৯৬ শতক জমি দখল করা হয়েছে। ওই জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণকাজ শুরু করা হয়। বিষয়টি নিয়ে অতিরিক্ত জেলা হাকিমের আদালত থেকে গত ১২ ডিসেম্বর নির্মাণকাজে স্থগিতাদেশ এবং ওই সম্পত্তিতে ১৪৪ ধারা জারি করা হয়। এ-সংক্রান্ত মামলাটি বিচারাধীন। অথচ আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মাণকাজ চলছে। এতে বাধা দেওয়ায় উল্টো হুমকি দেওয়া হচ্ছে।
চিরিরবন্দর থানার ওসি আনিছুর রহমান বলেন, ‘কলেজ ক্যাম্পাসের পাশে ভবন নির্মাণ হচ্ছে তা দেখেছি। বিষয়টি সংশ্লিষ্ট আদালতকে অবহিত করেছি।’
ইউনিয়ন যুবলীগের সভাপতি ফারুক হোসেনের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।