আদালতের নির্দেশে সাংসদের বিরুদ্ধে মামলা নিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরগুনা-২ আসনের সরকারদলীয় সাংসদ শওকত হাচানুর রহমানের বিরুদ্ধে আদালতের নির্দেশে মামলা নিল পুলিশ। এর আগে নির্বাচন কমিশনের (ইসি) মামলার নির্দেশনা সত্ত্বেও তাঁর বিরুদ্ধে তা না করে সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশ।
গত সোমবার গভীর রাতে বেতাগী থানায় হাচানুরের বিরুদ্ধে জিডি করেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। ওই দিন সন্ধ্যায় ইসি বরগুনার পুলিশ সুপারকে মামলার নির্দেশনা দিয়ে চিঠি পাঠায়। ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সামনে রেখে ‘সুস্পষ্ট’ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ মার্চ ইসি হাচানুরের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছিল।
ওসি গতকাল মঙ্গলবার জিডির বিষয়ে তদন্তের অনুমতি চাইতে বেতাগী উপজেলার বিচারিক হাকিম আদালতে যান। জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেল্লাল হোসেন আবেদন গ্রহণ করে এটিকে অনিবন্ধিত (নন-জিআর) মামলা হিসেবে তালিকাভুক্ত করে তদন্তের আদেশ দেন।
ইসির নির্দেশনা অনুযায়ী সাংসদের বিরুদ্ধে মামলা না করে জিডি করা হয়েছিল কেন—এ প্রশ্নের জবাবে ওসি রফিকুল গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘সাংসদ যে অপরাধ করেছেন, তাতে মামলা করার মতো কোনো আইনগত ভিত্তি নেই। ওনার অপরাধ অ-আমলযোগ্য। নির্বাচন কমিশন যদি ভুল করে, তবে আমরা আইনের লোক হয়ে তো ভুল করে মামলা দিতে পারি না। তাই জিডি করেছি ও সেটা তদন্তের জন্য আদালতের অনুমতি চেয়েছি।’
গত রোববার জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো ইসির উপসচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর সাংসদ তাঁর নির্বাচনী এলাকায় বিদ্যুতের সঞ্চালন লাইন উদ্বোধন করে নির্বাচন বিধিমালা ২০১৬-এর সুস্পষ্ট লঙ্ঘন করেছেন। এ জন্য ৩১ বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে মামলা করার জন্য জেলা পুলিশ সুপারকে অনুরোধ করা হলো এবং নির্দেশনা বাস্তবায়ন করে তা ইসিকে অবহিত করতে বলা হলো।