এক সপ্তাহের মধ্যে দুটি ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কা আইনজীবীদের
আদালতের বারান্দায় আসামিকে ছুরিকাঘাত!
চট্টগ্রাম আদালত ভবনের বারান্দায় এক আসামিকে ছুরিকাঘাত করেছেন প্রতিপক্ষের লোকজন। তাঁর নাম মো. জুয়েল (২৮)। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নতুন ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
আহত জুয়েল গত সপ্তাহে নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি ছিনতাই মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পান। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
সপ্তাহের মধ্যে দুটি ঘটনা ঘটল আদালত ভবন এলাকায়। এর আগে গত ২৮ আগস্ট আদালতে হাজিরা দিতে আসা বিএনপির যুগ্ম মহাসচিব কারাবন্দী আসলাম চৌধুরীর সঙ্গে সেলফি তোলা নিয়ে আদালত প্রাঙ্গণে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছিলেন দলের নেতা-কর্মীরা। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন তিনজন। তখন আসলাম চৌধুরী আদালত ভবন থেকে হেঁটে পুলিশি পাহারায় প্রিজন ভ্যানে উঠতে যাচ্ছিলেন। এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, জুয়েলের ছোট ভাই মো. সুমনকে প্রতিপক্ষের লোকজন কিছুদিন আগে মারধর করেছিলেন। এই ঘটনায় একটি মামলা হয়। দুপক্ষের মধ্যে আপস হওয়ায় আদালতে আপসনামা দেওয়ার কথা ছিল। এ জন্য তাঁরা আদালতে আসেন। কিন্তু কথা-কাটাকাটির একপর্যায়ে জুয়েলকে দ্বিতীয় তলার সিঁড়ির মুখে ছুরিকাঘাত করা হয়। এ সময় তিনি দৌড়ে তৃতীয় তলায় চতুর্থ যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের ভেতর ঢুকে পড়েন। তিনি আসামির কাঠগড়ায় ঢুকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। এর মধ্যে তাঁকে আহত করে প্রতিপক্ষের নুরুল আলম ওরফে কসাই নুরুলসহ তাঁর লোকজন চলে যান। পরে পুলিশের সাহায্যে তাঁকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, আদালতের বারান্দায় ছুরিকাঘাতের ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি। তবে জড়িত ব্যক্তিদের ধরার চেষ্টা চলছে।
পরপর দুটি ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কা জানিয়েছেন আইনজীবীরা। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি রতন কুমার রায় গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, আদালতের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা উচিত। প্রায় সময়ই পর্যাপ্ত পুলিশ থাকে না। বিষয়টি শিগগির নগর পুলিশ কমিশনারকে জানানো হবে।