আদালতের স্থিতাদেশ উপেক্ষা করে জমি দখলের অভিযোগ
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া গ্রামে আদালতের স্থিতাদেশ উপেক্ষা করে জমি দখলে নিয়ে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ১৯৮২ সালে রাইপাড়ার শেখ আরশেদ আলী একই গ্রামের বাসিন্দা মো. কছিমুদ্দিন ও মো. হাসেনউদ্দিন গংয়ের কাছ থেকে রাইপাড়া মৌজায় ৭৪ শতাংশ জমি ক্রয় করেন। এরপর থেকে শেখ আরশেদ আলীর ছেলে মোফাজ্জল হোসেন মজনু গং জমিটি ভোগ দখল করছে। পরে জমির মালিকানা নিয়ে মোফাজ্জল গংয়ের সঙ্গে মৃত কছিমুদ্দিনের ছেলে আলাউদ্দিন মোল্লা গংয়ের বিরোধ দেখা দেয়। বিষয়টি নিয়ে¤নিম্ন আদালতে মামলা হয়। পরবর্তী সময়ে আদালত স্থিতাদেশ জারি করেন। কিন্তু গত ২৮ জুলাই রাতে আদালতের স্থিতাদেশ উপেক্ষা করে আলাউদ্দিন ও করিম গং ২৫-৩০ জন লোক নিয়ে মোফাজ্জলের দোচালা টিনের ঘর ভেঙে জমি দখলে নেয়। এরপর সেখানে স্থাপনা নির্মাণ করা হয়।
মোফাজ্জল হোসেন বলেন, ‘আমার বাবা শেখ আরশেদ আলী ১৯৮২ সালে রাইপাড়া মৌজায় ৭০৮ এসএ দাগে ২০ শতাংশ ও ৭০৯ এসএ দাগে ৫৪ শতাংশ জমি কেনেন। কিন্তু দলিলে চৌহদ্দি ঠিক থাকলেও ভুলে ৭০৮ দাগের স্থলে ৭১১ লেখা হয়। এ বিষয়ে নিম্ন আদালতে দাগ সংশোধনী মামলা চলছে।’
মোফাজ্জলের বোন ফাহিমা আক্তার বলেন, ‘আমার ভাইয়েরা ঢাকায় থাকে। এ বাড়িতে আমি ও আমার মা থাকি। ২৮ জুলাই গভীর রাতে আলাউদ্দিন ও করিম তাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে লাঠিসোঁটা নিয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়ে আমার টিনের ঘর ভাঙচুর করে। আমরা তাদের বাধা দিতে গেলে আমাকে ও মাকে মারধর করতে আসে। প্রায় দুই ঘণ্টা হামলা চালিয়ে আমাদের জায়গা জোরপূর্বক দখল করে তারা সেখানে ঘর নির্মাণ করে। বিষয়টি থানায় জানালেও পুলিশ সাহায্যে এগিয়ে আসেনি।’
আলাউদ্দিন মোল্লার ভাই করিম বলেন, ‘মোফাজ্জল গং এসএ ৭০৮ দাগে যে জায়গাটি ভোগ দখল করছে, সেটা তাদের নয়। এটি আমাদের জায়গা। তাদের জায়গাটি এসএ দাগ ৭১১-এ। আমরা আমাদের জায়গা বুঝে নিয়ে সেখানে ঘর নির্মাণ করেছি।’
দোহার থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা বলেন, ‘আমার জানামতে জমিটির মালিকানা দাবি নিয়ে মোফাজ্জল গংয়ের সঙ্গে আলাউদ্দিন গংয়ের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। আলাউদ্দিন গংয়ের জমি দখলের বিষয়টি থানায় জানানোর পর পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের বিরুদ্ধে মোফাজ্জলের পরিবারের অভিযোগ সঠিক নয়।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় জিডি হয়েছে। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।