আদিতমারীতে বিএসএফের হাতে বাংলাদেশি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দিপু রায় নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, বিএসএফের হাতে আটক দিপু রায় (২৫) নীলফামারীর জলঢাকা উপজেলার সবেন রায়ের ছেলে। তিনি গতকাল ভোরে দুর্গাপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে।
লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান বলেন, ‘এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদপত্র পাঠানো হলে বিজিবি-বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের অনুষ্ঠিত পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফ দিপুকে ভারতের ৫০০ মিটার ভেতর থেকে আটক করেছে বলে দাবি করে। পরে অনুপ্রবেশের দায়ে বিএসএফ তাঁকে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করেছে মর্মে আমাদেরকে জানিয়েছে।’