আদিবাসী নেত্রীকে গণধর্ষণ তিন জেলায় বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক আদিবাসী নেত্রী (স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি) গত সোমবার গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শিগগির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল তিন জেলায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এ ঘটনায় করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে গত সোমবার দুপুরে ওই আদিবাসী নেত্রীর (৩২) জমিতে ধান লাগানোর সময় একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ধান রোপণের কাজে নিয়োজিত নারী-পুরুষ শ্রমিকদেরও ব্যাপক মারধর করায় তাঁরা পালিয়ে যান। পরে হামলাকারীরা একজোড়া মহিষ, একটি পাওয়ার টিলার ও শ্যালো মেশিন লুট করে নিয়ে যায়। এ ছাড়া তিন হামলাকারী ওই আদিবাসী নারীকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় সোমবার দিবাগত রাতে ১৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১৪-১৫ জনের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা করা হয়। ধর্ষণের শিকার ওই আদিবাসী নারীকে রাতেই সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। গতকাল তাঁর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে গতকাল বেলা দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলের সামনে জাতীয় আদিবাসী পরিষদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে আদিবাসী ছাড়াও বাঙালি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু, লাহন্তি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বঙ্গপাল সরদার, আদিবাসী ছাত্র পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি হেমন্ত মাহাতো, প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক আলী উজ্জামান নূর প্রমুখ। বক্তারা বলেন, ওই আদিবাসী নেত্রী ভূমিদস্যুদের মধ্যযুগীয় বর্বরতার শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
গতকাল বেলা একটার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট বাসস্ট্যান্ডে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য দেন পরিষদের প্রেসিডিয়াম সদস্য অনীল মারান্ডি, রাজশাহী শাখার সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, আদিবাসী নেতা নন্দলাল টুডু, রবি হেমব্রম প্রমুখ।
এ ছাড়া নওগাঁ শহরের মুক্তির মোড় থেকে গতকাল বিকেল চারটার দিকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন এলাকা ঘুরে আবারও মুক্তির মোড়ে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুবিন চন্দ্র মুন্ডা, আদিবাসী নেতা সুধীর পাহান, নরেন পাহান, সিপিবি নেতা মহসিন রেজা প্রমুখ।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক।
এদিকে আকতার হোসেন নামের এক আসামিকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আকতার স্থানীয় এক আওয়ামী লীগের নেতার ছোট ভাই।
তবে এ অভিযোগ অস্বীকার করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ প্রথম আলোকে জানান, মামলার অন্যতম আসামি জিয়াউল করিমকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।