ভূমি নিয়ে বিরোধের জেরেই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আদিবাসী নেত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছে আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস।
গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৬ আগস্ট দুপুরে ওই আদিবাসী নেত্রী (৩২) জমিতে চাষাবাদ করার সময় একদল ভূমিদস্যু অতর্কিতে হামলা চালায়। তাঁকে মারতে মারতে জমিতে ফেলে দেওয়া হয়। এ সময় ওই আদিবাসী নেত্রীকে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ আছে। এ ঘটনার পর সংসদীয় ককাসের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে।
সংবাদ সম্মেলনে আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা বলেন, ‘আদিবাসী ককাসের পক্ষ থেকে তাঁর (আদিবাসী নেত্রী) অভিযোগ আমরা তাঁর মুখ থেকেই শুনেছি। তিনি আমাদের বলেছেন, “তারা (দুর্বৃত্তরা) আমার সঙ্গে এমন আচরণ করেছে, যেন আমি সমাজে আর মাথা তুলে দাঁড়াতে না পারি।”’ ওই নেত্রীর ভূমি দখলের জন্য ‘স্থানীয় একশ্রেণির ভূমিদস্যু’ এ কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেন বাদশা।
সংসদীয় ককাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এ ছাড়া আদিবাসীদের ভূমি অধিকার সংরক্ষণ ও নারী নির্যাতন বন্ধে তাদের প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতি প্রদান, সমতলের আদিবাসীদের জন্য সমতল ভূমি কমিশন গঠন এবং বাংলাদেশ আদিবাসী অধিকার আইন প্রণয়নের দাবিও জানানো হয়।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের টেকনিক্যাল কমিটির সদস্য জান্নাত-এ-ফেরদৌসী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনিক্যাল কমিটির আরেক সদস্য সঞ্জীব দ্রং, সাংসদ কাজী রোজী, হাজেরা সুলতানা প্রমুখ।