আদিবাসী পরিবারকে মারধর, ঘরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বিরোধপূর্ণ জমির দখল নিয়ে একটি আদিবাসী পরিবারের চার সদস্যকে প্রতিপক্ষের লোকজন মারধর করে ও ঘরে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মারধরের শিকার ওই চারজন হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গত সোমবার সকালে উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের ডোবাজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য ধামাচাপা দেওয়ার চেষ্টাও করা হয়।
হামলার শিকার পরিবারটির সদস্য সুফলা মুরং অভিযোগ করেন, তিনি মায়ের কাছ থেকে পাওয়া ডোবাজুড়ি গ্রামের ১৮ শতক জমি ভোগদখল করছেন। তিন বছর আগে পার্শ্ববর্তী জামগড়া গ্রামের শাহ আলম ওই জমি সুফলা মুরংয়ের মায়ের কাছ থেকে কিনে নিয়েছেন বলে দাবি করেন। মায়ের মৃত্যুর পর জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। এই নিয়ে একাধিকবার এলাকায় সালিস হয়। সোমবার সকালে তাঁর পরিবারের লোকজন ওই জমিতে কাজ করতে গেলে শাহ আলমের পক্ষের লোকজন বাধা দেয় এবং লাঠিসোঁটা ও রামদা নিয়ে হামলা করে। এতে তিনি, তাঁর স্বামী নিরেন চিরান (৬০), ছেলে লিবিশন মুরং (১৭), বোন রুপালি মুরং (৩৫) ও তাঁর স্বামী পুলক চিরান আহত হন। পরে তাঁদের একটি ঘরে শাহ আলমের লোকজন আগুন দেয়। এতে ওই ঘরে থাকা হাঁড়ি-পাতিল, কাপড় ও কিছু আসবাব পুড়ে যায়।
শাহ আলম ওই জমির মালিকানা দাবি করে বলেন, দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তিতে তাঁর ভাইসহ উভয় পক্ষের লোকজন আহত হন। লাঠিসোঁটা বা রাম দা ছিল না। ঘরে আগুন দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমাকে ফাঁসাতে পরিকল্পিতভাবে ওই পক্ষের লোকজন নিজেদের ঘরে আগুন দেয়।’
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকিউর রহমান বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। খবর শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। কেউ মারাত্মক আহত হননি।