আদিবাসী পানপুঞ্জিতে ঘর নির্মাণে বন বিভাগের বাধা
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কয়েকটি আদিবাসী পানপুঞ্জিতে নতুন ঘর নির্মাণে আপত্তি জানিয়েছে বন বিভাগ। এতে পুঞ্জিতে বসবাসরত খাসিয়া ও গারো আদিবাসীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
পানপুঞ্জি সূত্রে জানা গেছে, সম্প্রতি কর্মধা ইউনিয়নের আদিবাসীদের গ্রাম খাসিয়া পানপুঞ্জি ইছাছড়ায় একটি নতুন পাকা ঘর তৈরির সময় বাধা দেওয়া হয়েছে। বন বিভাগের মুরইছড়া বিট কর্মকর্তা পুঞ্জিতে নতুন করে কোনো ধরনের স্থায়ী স্থাপনা ও পুকুর তৈরিতে নিষেধ করেন। পুঞ্জির লোকজন এত দিন প্রথাগতভাবে জীবনজীবিকার প্রয়োজনে বাঁশের বেড়া, টিন দিয়ে কাঁচা ও আধা পাকা টিনের ঘর তৈরি করে বসবাস করে এসেছেন। পাহাড়ি বিভিন্ন ছোট ছড়া (খাল) পরিষ্কার করে বাঁধ দিয়ে মাছ চাষের জন্য পুকুর তৈরি করেছেন। এতে কোনো বাধার মুখে তাঁদের পড়তে হয়নি এত দিন। কিন্তু সম্প্রতি এই বাধা পুঞ্জির লোকজনের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। প্রায় ৬০ বছর ধরে ইছাছড়া পুঞ্জিতে বসবাস আর পুঞ্জির পানজুমে (পানবাগান) খাসিয়া পান চাষ করছেন আদিবাসীরা। বর্তমানে এই পুঞ্জিতে ৪৪টি পরিবারের প্রায় ২৫০ জন আদিবাসী খাসিয়া ও গারো অধিবাসী রয়েছে। এ ছাড়া পাশের নুনছড়া, পুটিছড়া পানপুঞ্জিসহ আরও কয়েকটি পুঞ্জিতেও এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ইছাছড়া পানপুঞ্জির মন্ত্রী (পুঞ্জিপ্রধান) জেনারেল ধার গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘কোনো নোটিশ নাই। মৌখিকভাবে গত ২১ মার্চ হঠাৎ করে বিট কর্মকর্তা আমাদের ঘর নির্মাণ করতে নিষেধ করে দিয়েছেন।’
পানপুঞ্জি সংগঠন কুবরাজ আন্তপুঞ্জি সংস্থার সাধারণ সম্পাদক ও আদিবাসী নেত্রী ফ্লোরা বাবলী তালাং বলেন, ‘নতুন কোনো জায়গায় বাধা দিলেও একটা কথা ছিল। পুরোনো পুঞ্জি। ইট-বালু দিয়ে পুরোনো ঘর সংস্কার করতেও নিষেধ। বন বিভাগ বলছে, নতুন করে কোনো ঘর তৈরি করতে দেবে না।’ ফ্লোরা বাবলী তালাং জানান, বন বিভাগের লোকজন নুনছড়া ও পুটিছড়াতে নির্মাণশ্রমিকদের কাজ না করতে বলে দিয়েছেন। বিষয়টি কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হবে।
বন বিভাগের কুলাউড়া উপজেলার মুরইছড়া বিট কর্মকর্তা কমল ভৌমিক বলেন, ‘ওপরের নির্দেশে আপত্তি দেওয়া হয়েছে। এর কারণ ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।’ বন বিভাগের কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা প্রভাত কুসুম আচার্য বলেন, ‘এটা আমাদের জায়গা। তাঁরা চাষবাস করছেন ঠিক আছে। কিন্তু একেবারে স্থায়ী স্থাপনা করলে তো মুশকিল। অ্যাকোয়ার্ড ফরেস্টের জায়গা যেভাবে আছে, সেভাবেই থাকবে। এখানে আর কিছু করা যাবে না। ভূমি জরিপে রেকর্ড ঠিক থাকার জন্য ৩০ ও ৩১ ধারায় আমরা আপত্তি দিয়েছি।’