আদিবাসী শিক্ষার্থীদের ওপর মুখোশধারীদের হামলা
মুখোশ পরিহিত অস্ত্রধারীরা গতকাল শনিবার রাজশাহীর ক্যাথলিক ডায়াসিসের অন্তর্গত খ্রিষ্টান কলেজ ছাত্রাবাসে আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। অস্ত্রধারীরা আদিবাসী ছাত্রদের সেখান থেকে বের করে দেয় এবং ছাত্রাবাসের দরজা-জানালার কাচ ভেঙে ফেলে।
আদিবাসী ছাত্র সোহাগ মার্ডি ও অ্যামি জানায়, বিকেল চারটার দিকে কালো কাপড়ে মুখ বাঁধা ১৫-২০ জন সন্ত্রাসী হাঁসুয়া, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ছাত্রাবাসে হামলা চালায়।
এ সময় তারা জোর করে আদিবাসী ছাত্রদের বের করে দেয়। এরপর তারা হোস্টেলের দরজা, জানালা ও টয়লেটের কাচ ভাঙচুর করে। যাওয়ার সময় তারা ছাত্রাবাসের দরজাগুলোর তালা ভেঙে সেখানে নিজেদের নতুন তালা লাগিয়ে দেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, ৩০ জুন থেকে রমজানের ছুটি হয়। এই সুযোগে হোস্টেল কর্তৃপক্ষ ও বিশপ প্রশাসন ছাত্রদের ছাত্রাবাস থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। সম্প্রতি ঈদুল আজহার ছুটি শুরু হওয়ামাত্র হোস্টেল কর্তৃপক্ষ ও বিশপ প্রশাসন আবার ছাত্রদের ওপর মুখোশধারী দিয়ে হামলা চালিয়েছে।
ছাত্রাবাসের চেয়ারম্যান ডেনিস সি বাস্ক বলেন, ‘ছাত্রাবাসে যারা অবস্থান করছে তারাই বহিরাগত। তারাই দরজা জানালা ভেঙে অন্যের ওপর দোষারোপ করছে। বহিরাগত কেউ হোস্টেলে হামলা চালিয়েছে কি না তা আমার জানা নেই।’