আদিবাসীদের উচ্ছেদের চেষ্টা আ.লীগ নেতার
নাটোরের সিংড়া উপজেলার রাতাল গ্রামের ওঁরাও সম্প্রদায়ের রুটিরুজির একমাত্র অবলম্বন সরকারি রাতাল পুকুরটি আওয়ামী লীগের স্থানীয় এক নেতা ইজারা নিয়েছেন। ওই নেতা ওঁরাওদের উচ্ছেদের চেষ্টাও করছেন। এর প্রতিবাদ করায় তাঁদের গ্রাম থেকে বের হতে দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসী ও ওঁরাও সূত্র জানায়, রাতাল গ্রামের শালিকা পাড়ায় ওঁরাও সম্প্রদায়ের ৫০টি পরিবারের লোকজন বংশপরম্পরায় বসবাস করে আসছেন। তাঁদের অধিকাংশই গ্রামের সরকারি জলাশয় রাতাল পুকুরে মাছ ধরে সংসার চালান। পুকুরটির অর্ধেক খাস এবং বাকিটা অর্পিত সম্পত্তি। ২০০৯ সাল থেকে তাঁরা পুকুরটি ইজারা নেওয়ার জন্য সরকারি দপ্তরে ঘুরেছেন। কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের দাপটে তাঁরা কাগজপত্র করাতে পারেননি। চলতি বছরের ২৯ এপ্রিল ৯৭ জনের গণস্বাক্ষর দিয়ে তাঁরা স্থানীয় সাংসদ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদের কাছে পুকুরটি তাঁদের ইজারা দেওয়ার আবেদন করেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পুকুরটি তাঁদের ইজারা দেওয়ার সুপারিশ করেন। এরপর তাঁরা জানতে পারেন, উপজেলার চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল বারীর নামে ১৫ এপ্রিল মাত্র ২১ হাজার টাকায় পুকুরটি এক বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে।
উপজেলা আদিবাসী কল্যাণ সমিতির সহসভাপতি দীনেশ চন্দ্র ওঁরাও বলেন, ‘পুকুরে আমাদের অনেক মাছ আছে। ২৬ আগস্ট ইজারাদার আবদুল বারী লোকজন নিয়ে এই পুকুর দখল করতে আসেন। আমরা বাধা দেওয়ায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তাঁরা জোর করে পুকুরে মাছের কিছু পোনা ছেড়ে যান। ওই দিনই উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লোকজন পাঠিয়ে আমাকে ডেকে নিয়ে বলেন, “আমরা পুকুরটি সরকারকে টাকা দিয়ে নিয়েছি। আপনারা দখল ছেড়ে দেন।” এতে রাজি না হওয়ায় আমাদের রাতাল বাজার ও বামিহাল বাজারে যেতে নিষেধ করে দেন। এই পুকুর নিয়ে আমরা সবাই একঘরে হয়ে পড়েছি। আমাদের জীবন বিপন্ন। রাতাল ও বামিহাল বাজারে আমাদের দেখামাত্র ইজারাদারের লোকজন মারমুখী হয়ে উঠছেন। আওয়ামী লীগের স্থানীয় নেতাদের পক্ষ থেকেও পুকুরটি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। কিন্তু পুকুরটি ছেড়ে দেওয়া হলে আমাদের না খেয়ে মরতে হবে। আমরা এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ আশা করছি।’
আরিফুল ইসলাম বলেন, ‘আমাদের এক নেতা সরকারের ঘরে টাকা দিয়ে পুকুরটি ইজারা নিয়েছেন। আইনত তিনি পুকুরটি ভোগদখল করবেন, এটাই স্বাভাবিক। তবে আদিবাসীদের সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। ৩০ আগস্ট সিংড়ায় তাঁদের সঙ্গে আমরা বিষয়টি নিয়ে বসব। আমাদের লোকজন তাঁদের ওপর কোনো নির্যাতন করেনি। এ ধরনের অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
আবদুল বারী বলেন, ‘সরকারের ডাকা দরপত্রে অংশ নিয়ে প্রতিযোগিতামূলক দরে পুকুরটি ইজারা নিয়েছি। অথচ আদিবাসীরা পুকুরে যেতে দিচ্ছে না।’
সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম বলেন, ‘দরপত্রে অংশ নিয়ে যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন আমরা তাঁদের পুকুর দিয়েছি। আদিবাসীরা অংশ নিলে তাঁদের আবেদনটি আমরা আইনানুগ বিবেচনা করতাম।’ গোপনে দরপত্র আহ্বান করা প্রসঙ্গে তিনি বলেন, ‘যথাযথ নিয়মেই দরপত্র আহ্বান করা হয়েছে।’
ইউএনও সালমা বেগম বলেন, ‘ইজারা দেওয়ার পর আদিবাসীরা ২৯ এপ্রিল আবেদন করেছেন। সুতরাং, ইজারার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।’