আদিবাসীদের জমি দখলের চেষ্টা, প্রতিবাদে সড়ক অবরোধ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার আদিবাসীদের জমি দখলের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় তাদের হামলায় কমপক্ষে পাঁচজন আহত হন। এ ঘটনার প্রতিবাদে গতকাল সড়ক অবরোধ করেন আদিবাসীরা।
টংপাড়ার কয়েকজন আদিবাসী জানান, এ গ্রামের আদিবাসীরা এখানে শতাধিক বছর থেকে বসবাস করছেন। এখানে ৩০টি আদিবাসী পরিবারের ভোগদখলে রয়েছে একটি পুকুরসহ ৬ দশমিক ১১ একর জমি। কিন্তু একাধিক জলিয়াত চক্র জাল দলিল তৈরি করে তাঁদেরকে গ্রাম থেকে উচ্ছেদ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ উদ্দেশ্যে গতকাল সকালে তরিকুল ইসলাম নামের জালিয়াত চক্রের এক ব্যক্তির নেতৃত্বে আদিবাসীদের জমিতে গাছ লাগিয়ে তা দখলের চেষ্ট চালানো হয়। এ সময় আদিবাসীরা বাধা দিলে তাঁদের ওপর হামলা চালায় তরিকুল ইসলামের লোকজন। তারা নিমচাঁদ রাজোয়ার (৫০), কল্পনা রাজোয়ার (৩৫), কুটিলা রাজোয়ার (৬০) ও আরও কয়েকজন আদিবাসীকে মারধর করে।