আদিবাসীর বাড়িঘর ভাঙচুর, লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গুলাই গ্রামে গতকাল বুধবার একটি আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এ সময় ওই পরিবারের সদস্যদের মারধর, বাড়ির মালামাল ও গাছের আম লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী আদিবাসী নরেন সরদার (৮০) অভিযোগ করেন, তিনি পৈতৃক সূত্রে এ জমির মালিক। রাজশাহী নগরের দাশপুকুর এলাকার নুরুল আমিন এই জমি কিনে নিয়েছেন বলে দাবি করেন। এ নিয়ে তাঁর সঙ্গে নুরুল আমিনের মামলা চলছে। জমিতে তাঁর দুটি ঘর (শোবার ও রান্নার) ছিল। গতকাল বুধবার সকাল ১০টার দিকে নুরুল আমিনের লোকজন তিনটি মাইক্রোবাস ও একটি ট্রাকে করে এসে তাঁকে, তাঁর স্ত্রীকে মারধর এবং ঘর ভাঙচুর করে মালামাল লুট করে। তারা গাছের আমও লুট করে নিয়ে গেছে।
এ ব্যাপারে নুরুল আমিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, নুরুল আমিনের দাবি, এই জমি তিনি ২৫ বছর আগে কিনেছেন। তারপর থেকে ভোগদখল করে আসছিলেন। কিন্তু আদিবাসী পরিবারটির দাবি, তার এক নিঃসন্তান চাচার অংশ তারা পাবে। এ নিয়ে মামলা চলছিল।