আধা কিলোমিটারে এক রাতে আটটি ছিনতাই
নগরের লালবাগ থেকে পার্ক মোড় সড়ক। দূরত্ব আধা কিলোমিটার। সড়কটি নির্জন। আশপাশে বসতি নেই। গত বৃহস্পতিবার রাতে এই আধা কিলোমিটারে অন্তত আটটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা সবাই শিক্ষার্থী।
এই ছিনতাইয়ের ঘটনায় ওই পথে চলাচলকারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁরা এই সড়কে পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন। তাঁদের দাবি, এই সড়কে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
কারমাইকেল কলেজের প্রবেশপথ শহরের লালবাগ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার্ক মোড় পর্যন্ত একেবারে নির্জন। সড়কের দুই পাশে খালি জায়গা। এই আধা কিলোমিটার এলাকার মধ্যে শুধু রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়, কারমাইকেল কলেজিয়েট স্কুল ও কলেজ। আর পার্ক মোড়ের উল্টো দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়। কারমাইকেল কলেজ এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশপাশের মেসে থাকেন। তাঁদের সব সময় এ সড়কটি ব্যবহার করতে হয়।
ছিনতাইয়ের শিকার শিক্ষার্থীদের মধ্যে চারজনের সঙ্গে কথা হয়েছে। এর মধ্যে কারমাইকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওসমান গণি জানান, তিনি রাত ১১টার দিকে হেঁটে মেসে ফিরছিলেন। কলেজিয়েট স্কুল ও কলেজের পাশ থেকে হঠাৎ দুই যুবক ছুরি হাতে এসে তাঁর পথ রোধ করেন। তিনি ভয়ে দ্রুত পকেট থেকে মানিব্যাগ বের করে দেন।
এ ঘটনার পরই অন্য ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটে। রাত সাড়ে ১১টার দিকে একই এলাকায় পরপর আরও তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ছিনতাইয়ের অন্যতম শিকার কারমাইকেল কলেজের শিক্ষার্থী সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা দুই বন্ধু রাত সাড়ে ১১টার দিকে হেঁটে মেসে যাচ্ছিলাম। এমন সময় কলেজিয়েট স্কুল ও কলেজের সামনে রাস্তার পাশ থেকে মুখোশ পরা দুই ছিনতাইকারী এসে আমাদের আটকায়। এদের মধ্যে একজনের হাতে ছোরা ছিল। চিৎকার করার কোনো সুযোগই ছিল না। পকেট থেকে টাকা বের করে দিলে মুহূর্তে ছিনতাইকারীরা সটকে পড়ে।’
ছিনতাইয়ের শিকার দুই বন্ধু এই প্রতিবেদককে বলেন, তাঁদের জানা মতে ওই রাতে সড়কটির বিভিন্ন স্থানে আটজন শিক্ষার্থী ছিনতাইকারীদের কবলে পড়েন।
দিবাগত রাত ১২টার দিকে সড়কের কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সামনে দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী নিশাত আরেফিন বলেন, ছিনতাইকারীদের একজন মুখোশ পরা ছিল। আর তার সহযোগী পাশ থেকে বলছিল, তার ভাষায়, ‘তাড়াতাড়ি দিয়ে দে, নইলে তোর বিপদ আছে।’ নিশাত বলেন, তাঁর কাছে মাত্র এক শ টাকা ছিল। তিনি দ্রুত ছিনতাইকারীদের ওই টাকা দিয়ে দেন।
তবে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আজিজ বলেন, সড়কটিতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। তিনি নিজেও রাতে ওই সড়কে গাড়ি নিয়ে ঘুরে এসেছেন। ছিনতাইয়ের কোনো অভিযোগ পাননি। থানায়ও কোনো লোক অভিযোগ করেননি।
আবদুল আজিজ বলেন, এই সড়কের দুই পাশে খুব নির্জন। কলেজিয়েট স্কুল ও কলেজের সীমানাপ্রাচীর টপকে খুব সহজে পালিয়ে যাওয়া যায়। এখন থেকে আরও গুরুত্ব দিয়ে পুলিশের টহলের ব্যবস্থা করা হবে।
জানতে চাইলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, এই সড়কে বাতি নেই। তাই অন্ধকারে দূর থেকে কিছু বুঝে ওঠা যায় না।
ভুক্তভোগীদের ঘটনার বর্ণনা মিলিয়ে দেখা যাচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটিয়েছে।