আধা লাখ ইয়াবাসহ মিয়ানমারের চারজন গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং এলাকায় নৌকায় অভিযান চালিয়ে ৪৯ হাজার ৮৭টি ইয়াবা বড়িসহ মিয়ানমারের চারজন নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে সাবরাং ইউনিয়নের আড়াই নং¬ইস গেট-সংলগ্ন নাফ নদীর কেওড়াবাগান থেকে বিজিবি তাঁদের গ্রেপ্তার করে। টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিকে এ তথ্য জানানো হয়েছে।
আবু রাসেল ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, মিয়ানমার থেকে একটি নৌকায় করে ইয়াবার একটি চালান বাংলাদেশের সাবরাং সীমান্ত পয়েন্টে আনা হচ্ছে—এমন খবরের ভিত্তিতে দমদমিয়া সীমান্তচৌকির বিজিবির সদস্যরা নাফ নদীর আড়াই নং ইস গেটের কেওড়াবাগানে অবস্থান নেন। কিছুক্ষণ পর একটি নৌকা আসতে দেখেন বিজিবির সদস্যরা। এ সময় নৌকাটি নিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা ধাওয়া করে ওই চারজনকে আটক করেন। এরপর নৌকাটিতে তল্লাশি চালিয়ে ৪৯ হাজার ৮৭টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার মংনিপাড়ার আবদুল শফির ছেলে আলী হোসেন (৪০), আবদুল ছবিরের ছেলে আবদুল খালেক (২০), মোহাম্মদ ইসলামের ছেলে ওসমান গনি (১৮) এবং অলিয়াবাদের আবদুর রহমানের ছেলে মো. ইউসুফ (৩৫)।
আবু রাসেল ছিদ্দিকী বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই মিয়ানমারের নাগরিক। তাঁদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের টেকনাফ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, ইয়াবা বড়িসহ গ্রেপ্তার মিয়ানমারের ওই চার নাগরিককে বিকেলে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।