আধিপত্য নিয়ে আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৫০
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচরে আধিপত্য বিস্তার নিয়ে গতকাল সোমবার আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় ৪০টি বাড়িঘর ভাঙচুর করা হয়। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০টি রাবার বুলেট ও চারটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে বালুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেক চান মুন্সী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরু বাউলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
গত রোববার রাতে বালুরচর বাজারে আলেক চান ও নুরু বাউলের পক্ষের নাসির মেম্বারের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল বেলা ১১টার দিকে দুই পক্ষের কয়েক শ লোক লাঠিসোঁটা, টেঁটা, যুইত্যা ও দা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া চলে। এ সময় উভয় পক্ষের ৪০টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। আহত হয় উভয় পক্ষের অন্তত ৫০ জন। গুরুতর আহতদের ঢাকা ও মুন্সিগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের চারটি শেল নিক্ষেপ করে। বেলা দুইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।
এ ব্যাপারে কথা বলতে আলেক চান মুন্সী ও নুরু বাউলের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তারা ধরেনি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার গতকাল রাত আটটার দিকে প্রথম আলোকে জানান, এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। তবে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।