আধিপত্য নিয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি হাউজিং কোম্পানির আধিপত্যকে কেন্দ্র করে ঢাকার সাভারের আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত শুক্রবার রাতে শ্যামপুর এলাকায় ওই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে।
ঘটনার পর পুলিশ বাদী হয়ে গতকাল শনিবার সাভার মডেল থানায় মামলা করে। মামলায় সাভার থানা যুবলীগের আহ্বায়ক সেলিম মণ্ডলের ভাই যুবলীগের কর্মী মোহসিন মণ্ডল, আওয়ামী লীগের কর্মী শাজাহানসহ ১২ জনের নাম উল্লেখ করে ৬০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও বিরুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সামাদ মোল্লাসহ ওই এলাকার আশরাফুল ইসলাম, ফারুকসহ কয়েকজন বলেন, এম এইচ গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান বছর খানেক আগে লেক আইল্যান্ড আবাসন প্রকল্পের নামে শ্যামপুর এলাকার কুমারখুদা মৌজায় কিছু জমি কেনে। প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে পাশের প্রায় ৪০ বিঘার মতো খাসজমি দখল করে সেখানে সীমানাপ্রাচীর দেয়। ওই সব জমির দেখভালের দায়িত্ব দেওয়া হয় শাজাহান ও তাঁর লোকজনকে। কিন্তু সম্প্রতি তাঁদের বিতাড়িত করে দায়িত্ব দেওয়া হয় মোহসিন মণ্ডলকে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর জের ধরে শাজাহান গত শুক্রবার খাসজমি এলাকার সব প্রাচীর ভেঙে দেন।
গতকাল রাতে শাজাহান তাঁর লোকজন নিয়ে লেক আইল্যান্ডের পাশে আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ে বসে কথা বলছিলেন। রাত নয়টার দিকে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক একটি মাইক্রোবাসে করে কয়েকজন পুলিশ নিয়ে সেখানে যান। কয়েক মিনিট পর মোহসিন তাঁর লোকজন নিয়ে ওই কার্যালয়ে গিয়ে পুলিশের উপস্থিতিতেই শাজাহানের ওপর হামলা চালান। এ সময় ওই কার্যালয়েও ভাঙচুরও চলানো হয়। ওই খবর ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন পুলিশ ও মোহসিন মণ্ডলের লোকজনের ওপর হামলা চালান। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় শাজাহানকে আটক করে পুলিশ।
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাতে শাজাহানকে এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। তাঁর পা ভেঙে গেছে।
গতকাল ঘটনাস্থলে গিয়ে এম এইচ গ্রুপ বা লেক আইল্যান্ডের কাউকে পাওয়া যায়নি। তাদের স্থানীয় কার্যালয়টিও ছিল বন্ধ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। থানার এসআই এমদাদুল হক এ মামলা দায়ের করেন।