জমি ও আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলায় গত শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে ২০ জন গুলিবিদ্ধ হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল শনিবার রাস্তা ভরাট করা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আরও ৩০ জন আহত হন।
দিরাই থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রফিনগর গ্রামের সাহিদ আলী ও আলী আকবরের মধ্যে জমি ও গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ববিরোধ ছিল। এর জের ধরে শুক্রবার রাত নয়টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাত ১২ টা পর্যন্ত সংঘর্ষ চলে। এ সময় গোলাগুলিও হয়েছে। এতে আহত ব্যক্তিদের মধ্যে মুক্তার হোসেন, আকাশ মিয়া, মাসুকুর রহমান, আবদুল হক, দিলমালা বেগম, সাকাতুন নেসা, রাজিব উদ্দিন, সাকিব আহমদ, তানভির আহমদ, রপু মিয়া, এমদাদুল হক, টিটু মিয়া, নাঈম আহমেদ, আজাহার উদ্দিন, ঝুটন মিয়া, আতাব নুর, ওবায়দুর রহমান, জোসেফ আহমদ, বাবুল মিয়া ও রাজিকুল গুলিবিদ্ধ হন বলে জানা গেছে। রাতেই তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ আলী আকবর, মামুন মিয়া, আবদুল মান্নান, এরশাদ মিয়া, এনাম আহমদকে আটক করেছে।
শাহিদ আলীর চাচাতো ভাই জামাল হোসেন বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় তাঁদের বাড়িতে এক নারী আত্মীয় আসেন। বাড়িতে ঢোকার সময় আলী আকবরের পক্ষের লোকজন তাঁকে কটূক্তি করেন। এ নিয়ে তাঁদের সঙ্গে কথা বলতে গেলে আমাদের ওপর হামলা ও গুলি চালানো হয়েছে।’
আলী আকবরের পক্ষে সিদ্দিক আলী বলেন,‘আমরা নয়, তাঁরাই আমাদের ওপর আগে হামলা ও গুলি করেছে। আমাদের ২৫-৩০ জন আহত হয়েছেন।’
দিরাই থানার ওসি মো. আবদুল জলিল বলেন, ‘এটি দিরাইয়ের একটি দুর্গম এলাকা। খবর পেয়ে পুলিশ রাত থেকে ওই গ্রামে অবস্থান নিয়েছে। এখানে গোলাগুলি হয়েছে। তবে বৈধ না অবৈধ অস্ত্র দিয়ে গুলি হয়েছে, সেটা আমরা দেখছি।’
সরাইল থানার পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গত শুক্রবার রাত নয়টার দিকে উপজেলা সদরের বৈকালবাজার থেকে হালুয়াপাড়া হয়ে বাড়িতে ফিরছিলেন মোঘলটুলা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে মাখন মিয়া। এ সময় হালুয়াপাড়া গ্রামের আলম মিয়ার ছেলে নূর আলমের নেতৃত্বে পাঁচ থেকে সাতজন মাখন মিয়ার ওপর হামলা চালান। এতে মাখন মিয়া গুরুতর আহত হন। এ ঘটনায় গতকাল সকাল আটটার দিকে মোঘলটুলা গ্রামের লোকজন হালুয়াপাড়া গ্রামের রতন মিয়া ও নাজিম উদ্দিনের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করতে থাকেন। এর জেরে কিছুক্ষণ পর উভয় গ্রামের কয়েক শ লোক সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে সরাইল থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে মোঘলটুলা গ্রামের তিরবিদ্ধ আরজু মিয়াকে (২০) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নূর আলম মুঠোফোনে বলেন, ‘পূর্ববিরোধের জের ধরে মাখন আমাকে প্রাণনাশের জন্য লোক ভাড়া করেছে। বৃহস্পতিবার রাতে জেলা শহরে তারা আমাকে ধাওয়া করেছিল। শুক্রবার রাতে তাকে এ বিষয়ে জিজ্ঞেস করতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে। মাখনের পক্ষের লোকের আঘাতেই সে আহত হয়েছে। আমি তাকে মারধর করিনি।’
মাখনের পক্ষের আবদুল শহীদ অভিযোগ করে বলেন, পূর্ববিরোধের জের ধরে শুক্রবার রাতে মাখনকে মারধর করেছেন নূর আলম ও তাঁর লোকজন।
এ বিষয়ে সরাইল থানার ওসি রুপক কুমার সাহা বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে কোনো পক্ষই এখনো মামলা দায়ের করেনি।