আধিপত্য বিস্তার নিয়ে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজার এলাকায় তিন খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত শুক্রবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা হলো সাইফুল্লাহ সিয়াম, আল আমিন, রমজান আলী, রুবেল মিয়া, মারুফ হোসেন ও শাফিন লস্কর।

এ ছয়জনের কাছ থেকে দুটি পিস্তল, ছয়টি গুলি ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়। গতকাল শনিবার র‌্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে আসামি সাইফুল্লাহ সিয়াম জানায়, আধিপত্য বিস্তার ও বন্ধুত্ব রক্ষায় এ হত্যাকাণ্ডে অংশ নেয় সে।

র‌্যাবের দাবি, মগবাজারে শীর্ষস্থানীয় সন্ত্রাসী জিসানের অন্যতম সহযোগী ছিল রনি, কালা বাবু, সিয়াম ও আল আমিন।

গত ২৮ অগাস্ট রাতে রেলের জমিসংক্রান্ত বিরোধে মগবাজারের নয়াটোলা এলাকার ৭৯ সোনালীবাগে বৃষ্টি আক্তার ওরফে রানু (৩০), মুন্না (২২) ও বিল্লাল হোসেন (২০) সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

এ ঘটনায় নিহত বৃষ্টির ভাই শামিম ওরফে কালাচাঁদ রমনা থানায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং পাঁচ-ছয়জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদ পেয়ে র‌্যাব-৩-এর একটি দল শুক্রবার রাত নয়টার দিকে আল আমিনকে মুন্সিগঞ্জ থেকে আটক করে। আল আমিনের কাছ পাওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মতিঝিলের টিঅ্যান্ডটি কলোনির বস্তি থেকে সিয়াম ও রমজান আলীকে দুটি পিস্তল ও ছয়টি গুলিসহ আটক করা হয়। সিয়াম ও রমজানের তথ্যমতে বস্তির পাশের ঘর থেকে রুবেল, মারুফ ও শাফিনকে তিনটি চাপাতিসহ আটক করা হয়।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সংবাদ সম্মেলনে বলেন, মগবাজারে সোনালীবাগ চান বেকারির গলির মসজিদের পাশে রেলওয়ের সোয়া এক কাঠার জমির দখল নিয়ে হত্যাকাণ্ডটি ঘটে। মগবাজারের শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী রনি এই জমি দখল নিয়েছিল। পরে রনি পালিয়ে গেলে কালাবাবু ও সিয়ামসহ তাদের দল জমিটি দখল নেয়। পরে টিঅ্যান্ডটি কলোনির আনসার হত্যা ও মগবাজার ওয়ার্ড যুবলীগ নেতা হত্যার পর কালাবাবু পালিয়ে গেলে কালাচাঁদ জমিটি দখল করে। এ জন্যই কালাবাবু ক্ষিপ্ত ছিল। পরে কালাবাবু বৃষ্টির কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় কালাবাবু সিয়ামসহ অন্যদের নিয়ে হত্যাকাণ্ডটি ঘটায়।