চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে দুজন আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে নগরের নাসিরাবাদ এলাকায় অবস্থিত ইনস্টিটিউটের ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইনস্টিটিউট সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম মহিউদ্দিন ও সাবেক সহসভাপতি সালাহউদ্দিন রাসেলের অনুসারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ইনস্টিটিউটের তড়িৎকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ পারভেজ ও যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ইমন সরকার আহত হন। তাঁরা এম মহিউদ্দিনের অনুসারী। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন রাসেল অভিযোগ করেন, মহিউদ্দিনের অনুসারীরা তাঁর কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। অন্যদিকে, মহিউদ্দিনের অনুসারী ও ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পাল্টা অভিযোগ করে বলেন, সালাহউদ্দিন রাসেল ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে বহিরাগত ব্যক্তিদের দিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে তাঁদের দুই কর্মী আহত হন।