আধিপত্য বিস্তার নিয়ে বোমাবাজি ৫৫ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বোমাবাজির ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় গত বুধবার রাতে সদর থানায় মামলা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আকতারুজ্জামান টিপু এবং অপর অংশের নেতা জসিম উদ্দিনসহ ৫৫ জনের নাম উল্লেখ করে সদর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপির চেয়ারম্যান আকতারুজ্জামানের সঙ্গে আওয়ামী লীগের নেতা জসিম উদ্দিনের দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত বুধবার ওই এলাকায় দুই পক্ষের সমর্থকেরা বিচ্ছিন্নভাবে বোমাবাজির ঘটনা ঘটান। এতে কেউ হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) চৌধুরী জোবায়ের আহম্মদ বলেন, বোমাবাজির ঘটনায় চেয়ারম্যান আকতারুজ্জামান ও আওয়ামী লীগের নেতা জসিমসহ ৫৫ জনের নাম উল্লেখ করে বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি।