আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার সকালে জেলার জাজিরা উপজেলার গঙ্গানগর বাজারে এ সংঘর্ষ হয়।

অভিযোগ উঠেছে, ঢাকার তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিথুন ঢালীর বিরুদ্ধে ওই গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। মিথুন ঢালীর বাড়ি জাজিরা উপজেলার মুলনা এলাকায়।

সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন মান্নান কাজী (৬০), সোহরাব কাজী (৫৫), রাজু আহম্মেদ কাজী (৩৫), শাহানাজ কাজী (৪৫), ফারুক সরদার (২৬), খালেক সিকদার (৪৫), রাজন কাজী (৩০), সোহাগ মুন্সি (২২), সজীব কাজী (১৬), সাঈদ কাজী (৫০) ও দিপু কাজী (৩৫)।

জাজিরা থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মিথুন ঢালীর সঙ্গে জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ওরফে মিন্টু কাজীর বিরোধ রয়েছে। তাঁরা দুজন প্রভাবশালী দুই আওয়ামী লীগ নেতার সমর্থক। কয়েক দিন ধরে গঙ্গানগর বাজার দখল নিয়ে মিন্টু ও মিথুনের পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জের ধরে আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় মিন্টু কাজীর ১১ জন সমর্থক গুলিবিদ্ধ হয়। আহতদের মধ্যে ১০ জনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজমুল হাসান বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ১১ জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। তাঁদের শরীরে কী ধরনের গুলি লেগেছে তা পরীক্ষা না করে বলা যাবে না।

গুলিবিদ্ধ রাজু আহম্মেদ কাজী হাসপাতালে অভিযোগ করেন, ‘মিথুন ঢালী ও তাঁর ভাই সুজন ঢালীসহ চারজন আমাদের ওপর গুলি চালিয়েছে।’

আমিনুল ইসলাম মিন্টু কাজী অভিযোগ করেন, ‘মিথুন ঢালী ইউপি নির্বাচনের সময় আমার কর্মীদের ভয়ভীতি দেখিয়েছে। আমার সমর্থকদের এলাকায় পেলেই মারধর করে। বাজারে যেতে দেয় না। শনিবার সে আগ্নেয়াস্ত্র নিয়ে গঙ্গানগর বাজারে আমার সমর্থক ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। এতে ১১ জন গুলিবিদ্ধ হয়।’

অভিযোগ সম্পর্কে মিথুন ঢালী পাল্টা অভিযোগে বলেন, ‘মিন্টু কাজী দেশি অস্ত্র নিয়ে বাজারে মহড়া দেয়, সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে ভয় দেখিয়ে সুবিধা নেয়। শনিবার ঢাল-সড়কি-রামদা নিয়ে মহড়া দিতে গেলে গ্রামের মানুষ প্রতিরোধ করেন। কে বা কারা তাদের গুলি করেছে তা আমার জানা নেই। আমার একটি লাইসেন্স করা শটগান রয়েছে, কিন্তু ওই সময় সেটা ব্যবহার করা হয়নি।’

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গঙ্গানগর বাজার এলাকায় সংঘর্ষের খবর পেয়ে পুলিশ যায়। পরিস্থিতি এখন শান্ত আছে। কয়েকজন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আছে। তবে এখনো কোনো পক্ষ মামলা করেনি।