আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন হন জাহাঙ্গীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম খুন হতে পারেন বলে মনে করছে পুলিশ। পুলিশের ধারণা আসন্ন ঈদুল আজহা সামনে রেখে এলাকায় কোরবানির পশুর হাটের নিয়ন্ত্রণ ও মাদক ব্যবসাসহ নানা কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

এ দিকে আজ রোববার দুপুর পর্যন্ত এ খুনের ঘটনায় কোনো মামলা হয়নি। পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের সদস্যদের মামলা করার কথা রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা না করলে পুলিশ কাল সোমবার মামলা করতে পারে। এ বিষয়ে পরিবারের সদস্যরা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে জাহাঙ্গীর আলমের ভাগনি আয়শা আক্তার জানিয়েছেন, আগারগাঁওয়ে তাঁদের বাসার পাশের কবরস্থানে জোহরের নামাজের পর জাহাঙ্গীরের লাশ দাফন করা হবে।

আজ সকালে ময়নাতদন্তের পর জাহাঙ্গীরের মরদেহ তাঁদের ২০০/৪ পশ্চিম আগারগাঁওয়ের বাসভবনে আনা হয়। গতকাল রাত ১১টার দিকে নিজ বাসার সামনে দুর্বৃত্তদের গুলিতে খুন হন তিনি।

এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওয়াহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জাহাঙ্গীরের নামে দুটি হত্যা মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকাসহ আরও বেশ কিছু অভিযোগ রয়েছে। তিনি ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে প্রার্থী ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।’ তবে সবকিছু মাথায় রেখে এ হত্যাকাণ্ডের তদন্তকাজ চলছে বলেও জানান তিনি।