আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবক খুন
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি এলাকায় মো. ইদ্রিস (২৫) নামের এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস (২৫) ফিশারিঘাট এলাকার মাছ বিক্রেতা। তিনি পূর্ব মাদারবাড়ির সাহেবপাড়া বস্তির বাসিন্দা। ইদ্রিস বিবদমান দুটি পক্ষের মধ্যে রানা গ্রুপের সদস্য বলে জানা গেছে। ইদ্রিসের বিরুদ্ধেও থানায় মামলা রয়েছে। ইদ্রিসের স্বজনদের অভিযোগ, জাহাঙ্গীর ও হানিফ গ্রুপের হামলায় তিনি নিহত হয়েছেন। পুলিশও একই কথা বলেছে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আক্তার জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাসার ২০০ গজ দূরে ইদ্রিসের ওপর অতর্কিত হামলা চালায় হানিফরা। ইদ্রিসের ডান পায়ে গুলি এবং ডান হাতে ধারালো অস্ত্রের জখম রয়েছে। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় ভোর চারটার দিকে তিনি মারা যান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে ১০ থেকে ১২ জন যুবক অতর্কিত সাহেবপাড়া এলাকায় ককটেল ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে। এ সময় ভয়ে লোকজন দৌড়াদৌড়ি শুরু করে। একটি দোকানের পাশে ইদ্রিসকে পেয়ে তাঁর ওপর হামলা চালায় ওই সন্ত্রাসীরা। এ সময় আশপাশে থাকা লোকজনকেও মারধর করে বলে অভিযোগ।
ইদ্রিসের লাশ আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়। ইদ্রিসের বাবা জব্বার অভিযোগ করেন, ‘হানিফ, জাহাঙ্গীর, আলমসহ ১০-১২ জন আমার ছেলের ওপর হামলা চালায়। সপ্তাহ খানেক আগে ইদ্রিসের কাছ ৫০ হাজার টাকা চাঁদা চেয়েছিল ওরা।’
ওসি মর্জিনা আক্তার বলেন, ওই বস্তি এলাকাটিতে ঘাট এবং ফিশারিঘাটের মাছ বিক্রেতাদের বসবাস। ওখানে কয়েকটি বিবদমান পক্ষ সক্রিয় রয়েছে। ইদ্রিস নিজেও রানা গ্রুপ নামে একটি পক্ষের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী ঘটনার মামলাও আছে। বৃহস্পতিবার হানিফেরা ইদ্রিসের ওপর পূর্বপরিকল্পনা অনুযায়ী অতর্কিত হামলা চালায় বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
চাঁদা দাবির বিষয়টি ওসির জানা নেই বলে দাবি করেন। তবে ইদ্রিসের পরিবার এর আগে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে লুটপাটের মামলা করেছিল বলে তিনি জানান।
ওই ঘটনার পর পূর্ব মাদারবাড়ি সাহেবপাড়া এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন।