আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ গুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় সংঘর্ষে আরও ছয়জন আহত হয়েছেন। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে দীঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
দীঘলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান লতিফুর রহমানের শটগানের গুলিতে ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের নয়টি গুলি ছোড়ে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সানা শিকদার (৪৫) নামের একজনকে আটক করা হয়েছে।
গুলিতে নিহত ব্যক্তির নাম ইলিয়াছ আলী। তিনি কুমড়ি গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন কামাল, টুটুল, লিটন, সবুজ, রুম্মান ও মামুন। তাঁদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, কুমড়ি গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব-সংঘাত চলছে। এর এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন দীঘলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান। অন্য পক্ষের নেতৃত্বে আছেন বনি শেখ। সম্প্রতি ইউপি নির্বাচন সামনে রেখে দল গোছাতে উভয় পক্ষ তৎপর হয়ে ওঠে। গত শুক্রবার সন্ধ্যায় বনি শেখ পক্ষের সবুজ প্রতিপক্ষের জিয়াউরকে মারধর করেন। এ নিয়ে দুই দিন ধরে এলাকায় উত্তেজনা চলছিল। এর জেরে গতকাল বিকেলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় লতিফুর তাঁর শটগান দিয়ে গুলি ছুড়লে প্রতিপক্ষের ইলিয়াছ নিহত হন। প্রায় আধা ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। পরে পুলিশ শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লতিফুর রহমান গুলি ছোড়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রতিপক্ষ আমার বাড়িতে আক্রমণ চালালে এ সংঘর্ষ হয়।’ বনি শেখ বলেন, ‘লতিফুরের বাড়িতে আক্রমণ চালানো হয়নি। সে দুই দিন ধরে মহড়া দিচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে সংঘর্ষ হয়েছে।’
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান গতকাল সন্ধ্যায় জানান, লতিফুর রহমান পলাতক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই এলাকায় রয়েছেন।