আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব শ্রমিক লীগ নেতা খুন

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাজার এলাকায় দুর্বৃত্তের হাতে ফকরুল ইসলাম ওরফে বুলেট (৩২) নামে শ্রমিক লীগের এক নেতা খুন হয়েছেন। ফকরুল মহেন্দ্রনগর ইউনিয়ন ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। এই শ্রমিক ইউনিয়নটি শ্রমিক লীগের অঙ্গীভূত। হত্যাকাণ্ডের জন্য হারাটির ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম খানকে (৩৫) দায়ী করেছে নিহত ব্যক্তির পরিবার।
নিহত শ্রমিকনেতা সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক এনামুল হকের ছেলে। হত্যাকাণ্ডের পরপরই লালমনিরহাট সদর থানার পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে হারাটি ইউনিয়নের কাজির চওড়া গ্রামের বাসিন্দা আপেল খানকে (২৮) গত শনিবার গভীর রাতে আটক করেছে। তিনি গ্রামের ইসরাইল খানের ছেলে।
ফকরুলের বাবা এনামুল হক আমিনুল ইসলাম খান ও তাঁর ক্যাডার বাহিনীকে দায়ী করে বলেন, ‘২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে ওরা আমার ছেলে বুলেট এবং তার লোকজনকে মারপিট করে আহত করেছিল। আর এবার বুলেটকে কুপিয়ে হত্যা করল।’
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে মহেন্দ্রনগর বাজারের খান মার্কেটের স্বত্বাধিকারী আমিনুল ইসলামের ব্যবসায়িক চেম্বারের পেছনে একটি বাঁশ ঝাড়ের কাছে গুরুতর আহতাবস্থায় পড়ে ছিলেন ফকরুল। তাঁর দুই হাত ও পাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত ছিল। এক নারী দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। পরে তাঁকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দিপঙ্কর কুমার রায় বলেন, ‘তাঁকে শনিবার রাত সোয়া ১০টায় হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য আনা হলে মৃত অবস্থায় পাই।’
গতকাল রোববার দুপুরে নিহত শ্রমিকনেতা ফকরুলের গ্রামের বাড়িতে গেলে দেখা যায়, দুই বছরের শিশুসন্তান নাফিজ ইকবালকে কোলে নিয়ে আর্তনাদ করছেন ফকরুলের স্ত্রী নুসরাত। তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন গ্রামবাসীসহ পরিবারের অন্য সদস্যরা। কাঁদতে কাঁদতে নুসরাত বলছিলেন, ‘আমিনুল খানরা আমার অবুঝ ছেলেকে এভাবে বাবাহারা করল...আমি স্বামী হত্যার বিচার চাই।’
একই দিন উপজেলার হারাটি ইউনিয়নের কাজির চওড়া গ্রামে গেলে আমিনুল খানের বাড়ি এবং মহেন্দ্রনগর বাজারে খান মার্কেটে তাঁর চেম্বারে তালা ঝুলতে দেখা যায়। আশপাশের লোকজন জানায়, ফকরুল নিহত হওয়ার সংবাদে শনিবার রাতেই আমিনুল নিজ বাড়ি ও ব্যবসার চেম্বার বন্ধ করে অন্যত্র চলে গেছেন।
চিনিপাড়া ও কাজির চওড়া গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, মহেন্দ্রনগর বাজারের মধ্য দিয়ে গেছে লালমনিরহাট-ঢাকা মহাসড়ক। ওই বাজারে আমিনুল খানের মার্কেট থাকায় এলাকাটিতে তাঁর যেমন প্রভাব রয়েছে, আবার মহাসড়ক-সংলগ্ন এলাকা হওয়ায় শ্রমিকনেতা ফকরুলেরও প্রভাব ছিল। এই প্রভাব বিস্তার নিয়েই দুই পক্ষের মধ্যে অনেক দিন ধরে বিরোধ ছিল।
হারাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বলেন, আমিনুল ইসলাম আওয়ামী লীগ করলেও কোনো কমিটির কোনো পদে তিনি ছিলেন না। তিনি বলেন, তাঁর পরিবারের অন্য সদস্য ও আত্মীয়স্বজনেরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বলেন, আমিনুল ইসলামের পরিবারটি এলাকায় প্রভাবশালী এবং তিনি নিজে হারাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য হওয়ায় তাঁর অপকর্মের প্রতিবাদ করতে কেউ কখনো সাহস পায়নি। আর যদি কেউ প্রতিবাদ করেও, তাঁকে মারপিট করাসহ মামলা দিয়ে হয়রানি করত আমিনুল।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, ফকরুল ইসলামের লাশের ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আপেল খান নামের এক যুবককে আটক করা হয়েছে। তা ছাড়া এ ঘটনায় ফকরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।