আনন্দ ভ্রমণে বের হয়ে শবযাত্রায় ঘরে ফেরা
সকাল ১০টার দিকেও ছিল উচ্ছল প্রাণ। পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে ছিল তাঁর পদচারণ। এরপর বন্ধুদের সঙ্গে পিকনিক করতে প্রমোদতরিতে আনন্দযাত্রা করেন চলনবিলে। লক্ষ্যস্থল নাটোরের সিংড়া উপজেলার বিলের মাঝে অবস্থিত ঘাসিদেওয়ানের মাজার।
পথে পথে সহপাঠী ও বন্ধুদের সঙ্গে হইহুল্লোড় আর আনন্দ-উচ্ছ্বাস। কোনো কিছুরই কমতি ছিল না। যেন ষোলোকলাই পূর্ণ হয়েছিল যাত্রার। এই রেশ কাটতে না কাটতেই প্রমোদতরিটি পৌঁছে যায় ঘাসিদেওয়ানের মাজারে। সেখানে গিয়েই প্রমোদতরিতে নেমে আসে বিষাদের ছায়া। উচ্ছল প্রাণের সেই মানুষটি আর নেই।
তাঁর নাম শাহাদত হোসেন তালুকদার (৩৮)। নাটোরের গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় তালুকদারপাড়ার মরহুম সামসুল হক তালুকদারের ছেলে তিনি। দুই ভাই ও দুই বোনের মধ্যে শাহাদত ছিলেন তৃতীয়। সংসারে স্ত্রী রিমা খাতুন, একমাত্র সন্তান শান্ত (৫) ও বৃদ্ধ মা রয়েছেন। ব্যবসা-বাণিজ্য করে সংসার চালাতেন তিনি।
পিকনিক দলে থাকা জাহাঙ্গীর হোসেন ও মুরাদ হোসেন বলেন, ব্যবসায়ী বন্ধু ও সহপাঠী মিলে ১৪ জনের একটি দল পিকনিকের উদ্দেশ্যে সকাল ১০টায় চাঁচকৈড় থেকে রওনা হয়। দুপুর দেড়টার দিকে ঘাসিদেওয়ানের মাজারে রান্নার সব কাজ শেষ। এ সময় আকস্মিকভাবে শাহাদতের বুকে অস্থিরতা শুরু হয়। খারাপ লাগায় বিলের পানিতে গোসলও করেন তিনি। এরপরও স্বস্তি ফেরেনি তাঁর। অবস্থা বেগতিক বুঝে সঙ্গীরা খাবার নিয়েই দ্রুত ওই নৌকায় করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা দেন। সেখানে যাওয়ার পথে বেলা তিনটার দিকে শাহাদত মারা যান। এরপরও তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরাত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অবশেষে সিংড়া থেকে মাইক্রোবাসে করে লাশ নিয়ে সন্ধ্যায় তাঁরা ফেরেন চাঁচকৈড়ে। আনন্দ ভ্রমণে বের হয়ে তাঁদের ফিরতে হয়েছে শবযাত্রা নিয়ে।