আনন্দ মিছিলেই দুই পক্ষের সংঘর্ষ
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দ মিছিলে রং ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে বল্লভদী ইউনিয়নের মাদ্রাসা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শনিবার পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মো. নূরুল ইসলাম মিয়া। নির্বাচনে বিজয় উপলক্ষে আজ দুপুরে তিনি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার–সংলগ্ন মাদ্রাসা মাঠ এলাকায় আনন্দ মিছিল ও ভোজের আয়োজন করেন। নূরুল ইসলামের সমর্থক ও কর্মীরা প্রথমে এলাকায় আনন্দ মিছিল বের করেন। মিছিলে কয়েকজন সমর্থক রং ছুড়তে শুরু করেন। এই রং ছোড়া নিয়ে সমর্থকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ২০ জন আহত হন। গুরুতর আহত ফুলবাড়িয়া গ্রামের সেন্টু মোল্লা (৩০) ও টুকু ফকিরকে (৬০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ১৪ জনকে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আনন্দ মিছিলে রং ছোড়ার ঘটনার একটি ছেলেকে মারধর করা হয়। এর জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। রং ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে নিজেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হওয়ার এ ঘটনা ঘটে।