আনন্দ মেলার নামে চলছে হাউজি-জুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্গামন্দির, কালীমন্দির ও প্রতিমা বিসর্জন ঘাট উন্নয়নে আনন্দ মেলার নামে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মসলন্দপুরে র্যাফল ড্র, লটারি, হাউজি ও জুয়া খেলা চলছে। গত বৃহস্পতিবার রাতে পীরগঞ্জ পৌর শহরে পোস্টার সাঁটিয়ে জুয়া আয়োজনের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ব্যক্তিরা।
এ ঘটনায় গত শনিবার স্থানীয় ব্যক্তিদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে ওই মেলার উদ্বোধন করা হয়। ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ মো. ইয়াসীন আলী মেলার উদ্বোধন করার কথা থাকলেও হাউজি ও জুয়ার কথা শুনে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে যাননি। পরে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শওকত হোসেন মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের রাতেই মেলায় শুরু হয়ে যায় হাউজি ও জুয়া খেলা।
হাউজি ও জুয়ার প্রতিবাদ জানিয়ে গত বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটক, রেজিস্ট্রি অফিস ও থানার সামনের দেয়ালে পোস্টার সাঁটান স্থানীয় লোকজন। পোস্টারে ‘জুয়ার মেলা বন্ধ কর, করতে হবে’ ও ‘মেলার নামে অসামাজিক কার্যকলাপ বন্ধ কর, করতে হবে’ স্লোগান লেখা ছিল।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মসলন্দপুর দুর্গামন্দির, কালীমন্দির ও প্রতিমা বিসর্জন ঘাট উন্নয়নের জন্য শর্তসাপেক্ষে ১৯ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত মেলা ও র্যাফল ড্র অনুষ্ঠানের অনুমতি দেয় জেলা প্রশাসন। জেলা প্রশাসক মূকেশচন্দ্র বিশ্বাস ১৮ জানুয়ারি ওই অনুমতিপত্রে স্বাক্ষর করেন।
অনুমতিপত্রে বলা হয়, ১৯ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত শর্তসাপেক্ষে মসলন্দপুর বিসর্জন ঘাট প্রাঙ্গণে সার্কাস, যাত্রাপালা, জাদু প্রদর্শনী, ভ্যারাইটি শো ব্যতীত মেলা ও র্যাফল ড্র অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলো। মেলা ও র্যাফল ড্র অনুষ্ঠানস্থলে কোনো প্রকার জুয়া (লটারি, হাউজি, ডাব্বু ইত্যাদি) চালানো যাবে না। অথচ মেলার নামে ওই দিনই (গত মঙ্গলবার) রাতভর চলে হাউজি ও জুয়া (কাটা, গুটি ও বউ খেলাসহ বিভিন্ন প্রকার জুয়া)।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, প্রতিদিন সন্ধ্যার পর থেকে হাউজি ও জুয়ার আসরে লোকজন আসতে শুরু করেন। প্রতি রাতে হাউজি ও জুয়ার আসরে লেনদেন হয় ২০ থেকে ৩০ লাখ টাকা, যার বেশির ভাগই যায় জুয়াড়িদের পকেটে। এতে সর্বস্বান্ত হয়ে শূন্য হাতে বাড়ি ফেরেন অংশগ্রহণকারীরা।
এ বিষয়ে রঘুনাথপুর গ্রামের রণজিৎ কুমার বলেন, ‘মেলায় জুয়া ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শহরে স্থানীয় লোকজন পোস্টারিং করেছিলেন। কিন্তু মেলা কমিটির লোকজন সেসব পোস্টার ছিঁড়ে ফেলেন। এ ঘটনায় স্থানীয়দের পক্ষ থেকে ইউএনওর কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’
মিত্রবাটি এলাকার এক ব্যবসায়ী বলেন, ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে গত বৃহস্পতিবার রাতে তিনি কাটা খেলা শুরু করেন। একপর্যায়ে সব টাকা হেরে শূন্য হাতে তিনি বাড়ি ফেরেন।
এ ব্যাপারে মেলা কমিটির আহ্বায়ক মো. শামীজ্জামানের সঙ্গে মুঠোফোনে গত শনি ও গতকাল রোববার একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি।
এ ব্যাপারে ওসি কে এম শওকত হোসেন বলেন, ‘আয়োজকেরা সবাইকে ম্যানেজ করেই খেলা চালাচ্ছেন। তাঁরা আপনার সঙ্গেও কথা বলে নেবেন।’ তবে মেলায় হাউজি ও জুয়া খেলা চলার কথা তিনি স্বীকার করেন।
ইউএনও এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার গতকাল রাত সাড়ে আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় স্থানীয়দের কাছ থেকে গত শনিবার একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’