আনন্দ মোহন কলেজের অধ্যক্ষের কক্ষে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজ শাখার ছাত্রলীগের একদল কর্মী গতকাল সোমবার অধ্যক্ষের কক্ষের দরজা ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে ছাত্রলীগের দাবি, সাধারণ শিক্ষার্থীরা এই ঘটনা ঘটিয়েছে।
পুলিশ, একাধিক শিক্ষক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে ছাত্রলীগের ২০ থেকে ৩০ জন কর্মী অধ্যক্ষ জাকির হোসেনের কক্ষে যায়। এ সময় তারা শিগগির কলেজে আন্তবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের দাবি জানায়। এ সময় অধ্যক্ষ তাদের বলেন, একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। যথাসময়ে ক্রিকেট টুর্নামেন্ট হবে। এ নিয়ে অধ্যক্ষের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে কয়েকজন অধ্যক্ষের কক্ষের কাচের দরজা ভেঙে ফেলেন। পরে অবশ্য তাঁরা অধ্যক্ষের কাছে ক্ষমা চান এবং দরজা মেরামত করান।
জানতে চাইলে ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি রকিবুল ইসলাম বলেন, ছাত্র সংসদ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে কিছুসংখ্যক শিক্ষার্থী উত্তেজিত হয়ে সামান্য ভাঙচুর করেছেন। এখানে ছাত্রলীগের নেতা-কর্মীরা এককভাবে যাননি। অন্যান্য ছাত্র সংগঠনসহ সাধারণ শিক্ষার্থীরাও ছিলেন। এ ব্যাপারে অধ্যক্ষ জাকির হোসেনের সঙ্গে চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।