আনন্দ স্কুলের নিরানন্দ চিত্র
ঝরে পড়া শিশুদের জন্য প্রতিষ্ঠিত হয় আনন্দ স্কুল। কিন্তু রংপুরের তারাগঞ্জ উপজেলার এ ধরনের বেশির ভাগ বিদ্যালয়েরই চিত্র নিরানন্দময়। এগুলোতে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষার্থী নেই। ভুয়া শিক্ষার্থীর নাম দেখিয়ে বিদ্যালয়গুলোর নামে বরাদ্দ করা টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুমারেশ রায় বলেন, ‘বেশির ভাগ আনন্দ স্কুলে শিক্ষার্থী নেই, ঘরে তালা ঝুলছে। অথচ অনিয়মের মাধ্যমে স্কুলগুলোর নামে বরাদ্দ টাকা আত্মসাৎ করা হচ্ছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম বলেন, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থী না থাকায় ইতিমধ্যে ১০৭টি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
রস্ক প্রকল্প থেকে নিয়োগ করা উপজেলা সমন্বয়কারী সপুরা বেগম বলেন, বর্তমানে যে ১১৪টি আনন্দ স্কুল আছে, সেগুলো ভালোভাবে পরিচালনার জন্য কাজ করা হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্পের আওতায় উপজেলার পাঁচটি ইউনিয়নে ২২১টি আনন্দ স্কুল চালু করা হয়। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পাঁচ বছরের জন্য প্রকল্পটি গ্রহণ করে। প্রতিটি স্কুলে একজন করে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত স্কুলে শিক্ষার্থীদের পাঠদান করার নিয়ম। প্রতিটি স্কুলে ১৫ থেকে ৩৫ জন করে শিক্ষার্থী থাকার কথা।
ছয় মাস পরপর এ প্রকল্পের বরাদ্দ আসে। শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ বাবদ প্রতিটি স্কুলে ছয় মাস পর চার হাজার ২০০ টাকা, এক বছর পর পোশাক তৈরির জন্য শিক্ষার্থীপ্রতি ৪০০ টাকা, ঘরভাড়া প্রতি তিন মাসে এক হাজার ২০০ টাকা এবং প্রতি চার মাস পরপর শিক্ষকপ্রতি বেতন ১২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া শিক্ষার্থীদের প্রতি মাসে ৫০ টাকা করে ছয় মাস পর ৩০০ টাকা উপবৃত্তি দেওয়া হয়।
২০১৩-১৪ অর্থবছরে দুই দফায় উপজেলায় আনন্দ স্কুলগুলোর জন্য ৬৭ লাখ ৮২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, উপবৃত্তির টাকা ছাড়া প্রকল্পের জন্য বরাদ্দ করা অন্য টাকা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্কুলের শিক্ষকের স্বাক্ষরে তুলতে হয়। এরপর তাঁরা নিজ দায়িত্বে শিক্ষার্থীদের পোশাক, ব্যাগ, খাতা-কলমসহ অন্যান্য উপকরণ বিতরণ করেন।
১ ডিসেম্বর সরেজমিনে পাটোয়ারীপাড়া, উত্তর লক্ষ্মীপুর শাহপাড়া ও নন্দরাম আনন্দ স্কুলে গিয়ে প্রতিটিতে চার-পাঁচজন করে শিক্ষার্থী উপস্থিত পাওয়া গেছে। অথচ ওই তিনটি স্কুলে ১৫-২০ জন করে শিক্ষার্থী দেখিয়ে টাকা ওঠানো হচ্ছে।
পাটোয়ারীপাড়া আনন্দ স্কুলের শিক্ষক সুলতান হোসেন বলেন, ‘ভাই, আমি কী করব? শিশুরা স্কুলে না এসে ধান কাটা-মাড়াইয়ের কাজ করছে।’ উত্তর লক্ষ্মীপুর শাহপাড়া স্কুলের শিক্ষক হোসনেয়ারা আকতার বলেন, ‘এ গ্রামের ছেলেমেয়েরা স্কুলে আসতে চায় না। যে পাঁচজন দেখছেন, তাদের বাড়ি থেকে ধরে আনতে হয়েছে।’
এ ছাড়া ১ ও ২ ডিসেম্বর শেখেরচক মন্দিরপাড়া, ডাংগীরহাট কাচারীপাড়া, চান্দের পুকুর বালাপাড়া, কাশিয়াবাড়ী, নুনাতীপাড়া ও কুঠিপাড়া আনন্দ স্কুলে সকাল সাড়ে ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত ঘুরে তালাবদ্ধ দেখা গেছে। অথচ এসব স্কুলের প্রতিটিতে ১৫-২৫ জন করে শিক্ষার্থীর নামে টাকা উত্তোলন করা হচ্ছে।
যোগাযোগ করা হলে এসব স্কুলের শিক্ষকেরা দাবি করেন, তাঁরা স্কুল খুলেছিলেন, কিন্তু পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণে সকালে স্কুল ছুটি দিয়েছেন।
ডাংগীরহাট কাচারীপাড়া গ্রামের এক শিক্ষার্থীর অভিভাবক আমেজা খাতুন বলেন, ‘ইগিলা স্কুলে কোনো নেকাপড়া হয় না। ছাওয়া ছোটর নামে সরকার যে ৫০ টাকা করি মাসে মাসে বৃত্তি দেয়, তার ভাগ মাস্টাররা নেয়। খাতা-কলম, ব্যাগও ছাওয়া ছোট পায় না।’
উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান জানান, তিনি এ ব্যাপারে অভিযোগ পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ভুয়া স্কুলগুলোর তালিকা তৈরি করতে বলেছেন।