আনন্দমেলার নামে জুয়া
গাজীপুরের কাশিমপুর কারাগারের পাশে হরিণাচালা এলাকায় মুক্তিযোদ্ধা সংসদের নাম ব্যবহার করে আনন্দমেলার জায়গায় চলছে জুয়া ও হাউজির আসর।
গতকাল রোববার বিকেলে সরেজমিনে দেখা গেছে, হরিণাচালা এলাকায় একটি খোলা জায়গায় টিনের ছাউনি দিয়ে ঘিরে রাখা হয়েছে। এর সামনে বড় একটা সাইনবোর্ড। সেখানে লেখা গাজীপুর মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক আয়োজিত ‘আনন্দমেলা’। ছাউনির ভেতরে অনেক মানুষের ভিড়। হাউজির মঞ্চের সামনে খাতা-কলম নিয়ে হাউজির সিটে দাগ কাটছে কয়েক শ মানুষ। মূল মঞ্চ থেকে ঘোষক বলছেন, ‘উল্টা-পাল্টা, সিক্স অ্যান্ড নাইন, সিক্সটি নাইন;’ ‘ভাষার জন্য যুদ্ধ, ফাইভ অ্যান্ড টু, ফিফটি টু;’ ‘গুপি গাইন, বাঘা বাইন, নম্বর নাইন’। এ সময় ওই জুয়ার আসরের সামনের আসনে বসে থাকতে দেখা গেছে জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেনকে। তাঁর কিছু দূরে দাঁড়িয়ে ছিলেন এএসআই মো. শাহীন। বেশ কিছুক্ষণ জুয়ার আসর ও আশপাশ দিয়ে তাঁরা ঘোরাঘুরি করছিলেন।
মেলার সঙ্গে সংশ্লিষ্ট একজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ওই খোলা জায়গায় এক সপ্তাহ ধরে চলছে হাউজি ও জুয়ার আসর। প্রতিদিন রাত আটটার পর থেকে শুরু হয়ে চলে ভোররাত পর্যন্ত। প্রতি রাতে হাউজি ও জুয়ার আসরে লেনদেন হয় ২৫ থেকে ৩০ লাখ টাকা। এই ব্যবসা করছেন গাজীপুরের বোর্ডবাজার এলাকার ব্যবসায়ী মো. জসিম উদ্দিন। তাঁর সঙ্গে অংশীদার আছেন রমজান আলী ও আরিফ হোসেন। আর এই হাউজি ব্যবসা টিকিয়ে রাখতে তিনি গাজীপুর মুক্তিযোদ্ধা সংসদের নামে সাইনবোর্ড টাঙিয়েছেন। এর আগে দীর্ঘদিন জসিম উদ্দিন গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা ওয়েলফেয়ার ক্লাবের নামে জুয়ার ব্যবসা করেছেন।
কোনাবাড়ী এলাকার এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিনি গত শুক্রবার ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে খেলতে এসেছিলেন। রাত নয়টা থেকে শুরু করে সাড়ে ১২টা পর্যন্ত জুয়া খেলে সব হারিয়ে শূন্য হাতে বাড়ি ফেরেন।
গাজীপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কাজী মোজাম্মেল বলেন, ওই জুয়ার আসরের সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। যাঁরা মুক্তিযোদ্ধা সংসদের নাম ব্যবহার করেছেন, তাঁরা অন্যায়ভাবে করেছেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারের কাছে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতিদিন সন্ধ্যার পর থেকে হাউজি ও জুয়ার আসরে লোকজন আসতে শুরু করে। রাত সাড়ে আটটার মধ্যে এক থেকে দেড় হাজার লোকের সমাগম হয়ে যায় সেখানে। এ আনন্দমেলা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পাশে চললেও পুলিশ-প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।